২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের আগে তারা ‘আদর-সোহাগে’

গৃহস্থ বাড়ির মমতা আর ভালোবাসায় বেড়ে ওঠা প্রাণিগুলোর গায়ে হাত বুলাতেই মাথা নুইয়ে কিংবা কখনো মাথা উঁচিয়ে আদর উপভোগ করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 06:56 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

গ্রাম ছেড়ে এলেও বাড়ির লোকেরা পাশে থাকায় কোনো সমস্যা করেনি। আদর-সোহাগ আর গরম খাবার হলেই খুশি ঢাকায় আনা শাহিন মাতুব্বরের সাতটি গরু।

মাদারীপুরের শিবচর থেকে যাত্রাবাড়ীর শনির-আখড়ায় অস্থায়ী পশুর হাটে নিজের দুটি আর একই উঠানে পালা ভাইয়ের পাঁচটি গরু বিক্রির জন্য এনেছেন তিনি।

হাটের পাশে একটি কাঠ চেড়াই কলের খালি জায়গায় চুলা বানিয়ে তাদের খাবার তৈরি করছিলেন শাহিন। জানতে চাইলে বলেন, “বাড়িতে তো মহিলারাই খাবার তৈরি থেকে শুরু করে সব যত্ন-আত্তি করে।

“এখানে বাধ্য হয়ে তাদের জন্য চুলা বানাতে হল। এজন্য শুকনা বাঁশ আর কাঠ যোগার করতে হয়েছে।”

খাবারের বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহিন বলেন, “শুধু খাবার দিলেই হবে না, থাকতে হবে গরম...গরম। না হলে কোনো মতেই খাবে না।”

গরুগুলোর জন্য বিশেষ ‘জাউ’ রান্না করতে হয় জানিয়ে তিনি বলেন, “ভালো ধান আর গম একসঙ্গে মিলে দিয়ে ভাঙাতে হয়। সেই দুই পদের গুড়া পরিমাণমতো পানি দিয়ে লবণ মিশিয়ে দীর্ঘ সময় রান্না করা হয়।

“রান্নার শেষের দিকে আরও পানি দিয়ে কিছুক্ষণ চুলার ওপর রাখতে হয়। রান্নার পুরাটা সময় লাঠি বা বড় খুনতি দিয়ে নাড়তে হয়। না হলে পাতিলের তলায় জমে যাবে।”

Image
গরুর জন্য 'জাউ' রান্না করছেন শাহিন মাতুব্বর। কাছেই বসে আছে বায়না ধরে হাটে আসা ছেলে শফিকুল

গরুর জন্য 'জাউ' রান্না করছেন শাহিন মাতুব্বর। কাছেই বসে আছে বায়না ধরে হাটে আসা ছেলে শফিকুল

রান্না করতে করতেই শাহিনুর জানান, খাবার ভালোমতো সেদ্ধ হয়ে গেলে তার সঙ্গে ভুষি আর ধানের কুড়া (ধান থেকে চাল তৈরির পর উচ্ছিষ্ট খোসা) মিশিয়ে তৈরি হয় ‘জাউ’।

“সেই খাবার দিতে হয় গরম অবস্থায়। ঠাণ্ডা হয়ে গেলে কোনো মতেই খাবে না কোনো গরু।”

এভাবেই তার বাড়িতে নিজের দুটি এবং একই উঠানে ভাইয়ের ৫টি গরু জন্ম থেকে বড় হয়েছে।

বানানো খাবারের পাশাপাশি তাজা ঘাস খাওয়ানো হয়েছে গরুগুলোকে।

একেকটি গরুর ওজন আনুমানিক আড়াই থেকে তিন মণ পর্যন্ত হতে পারে জানিয়ে তিনি বলেন, “কোনো ইনজেকশন বা ওষুধ দেওয়া হয়নি।”

শাহিন জানালেন, এসব খাবার শহরে পাওয়া যায় না বলে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শুধু ভুষি কেনা গেছে হাটে। রান্না করার বড় পাতিলটিও সঙ্গে এনেছেন। গোসল আর খাওয়ানোর জন্য রেখেছেন মগ আর বালতি।

প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়ায় এ নিয়ে চার বছর ধরে নিজের পালা গরু নিয়ে এ হাটেই আসছেন শিবচরের শাহিনুর মাতুব্বর। এবার তার ভাইও সঙ্গে এসেছেন।

আট বছরের ছেলে শফিকুল ইসলাম বায়না ধরায় তাকেও নিয়ে এসেছেন। কেন ঢাকায় আসা এ বিষয়ে শফিকুলকে জিজ্ঞাসা করা হলে তার সরল উত্তর ‘‘হাট দেখতে আসছি।’’

এখানে কোনো কাজ করে কি না জানতে চাইলে সহজভাবে জানায়, গরুকে বাতাস করা, দড়ি ধরে রাখা, কোনো কিছু এনে দেওয়া, এসব কাজ করছে। এসব বাড়িতেও করেছে মাঝে মাঝে।

গরুর তেজ কেমন? এমন প্রশ্নের উত্তরে শাহিন বলেন, “গ্রামে তো বাড়িওয়ালির এক ধমকেই সব ঠাণ্ডা, প্রচণ্ড ভয় করে তাকে সবাই। তখন চুপ করে বসে পড়ে। কোনো সাড়া-শব্দ করে না।

“বাড়ির সবাইকে চেনে, তাই ঢাকায় কোনো সমস্যা করেনি এখনো। আদর-সোহাগ পেতে ভালোবাসে তারা। আদর সোহাগ আর গরম খাবার হলেই কোনো সমস্যা করে না।”