সুরকার আলম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব বাংলা সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান আলম খান। ৭৭ বছর বয়সী এই সুরকার কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে ১৯৪৪ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া গুণী সুরকার আলম খান পপসম্রাটখ্যাত আজম খানের বড় ভাই।
ষাটের দশকের শুরুতে সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন আলম খান। ১৯৭০ সালে ‘কাচ কাটা হীরে’ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন।
‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ এর মত জনপ্রিয় গানের এই সুরকার মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
আরও খবর
