২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গরিব মাইনষের আবার কিয়ের ঈদ!’

পুরনো ছেঁড়া কাপড়ে সারা বছর কাটে পাঁচ বছরের বায়েজিদের, এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম কিছু নেই; জন্মের দুবছর পর মায়ের মৃত্যু আর বাবার খোঁজ না রাখায় সাত বছরের বোন তাহমিনাকে নিয়েই তার ঈদ।

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 12:27 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

দুই ভাই-বোনের দেখা মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে। ইটের আধুলি দিয়ে চুলা আর তার উপর পাতা বসিয়ে খেলছিল তারা।

কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই তাহমিনা জানাল, পুরান ঢাকার অলিতে গলিতেই তাদের দিন কাটে। মা নেই, বাবা থাকলেও তাদের খোঁজ-খবর রাখেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বললো, “মা থাকতে আমাগোর খাওয়ার কথা ভাবা লাগত না। পেট পুরে খাইতে পাইতাম। এখন কারোর দয়া হইলে ভালো কিছু খাইতে পাই, নইলে রাস্তায় টুকাইয়া খাইতে হয়।”

বিষণ্ণ মন নিয়ে তাহমিনা বললো, “অনেকদিন পেট ভরে খাওয়া হয় না। আর বাপেরও কোনো খোঁজ জানি না।”

ঈদের প্রসঙ্গ তুললেই তার জবাব, “ঈদ কী হেইডাই বাইজিদ বুঝে না। আর আমাগোর আর ঈদ কী! ঈদের দিনও তো থাকি ছিড়া (ছেঁড়া) কাপড়ে, রাস্তায় রাস্তায়। মানুষ অনেক খারাপ আচরণ করে।”

নরসিংদীর ছাদেনা আক্তার কাজ করেন মানুষের বাড়িতে। তার চার বছরের ছেলে জুনাইদের কাছে ঈদ অন্য দিনগুলোর মতই একটি দিন। ঈদ ঘিরে ছাদেনার প্রস্তুতি নেওয়ার কিছু নেই।

তিনি বলেন, “এক বাড়ি থেকে কাজ করে কিছু টাকা পাইছি, ওরেও (ছেলে) কিছু টাকা দিছে সেই বাড়ি থেকে। খারাপ লাগে খুব। কুরবানি তো দিতেই পারি না।

ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনতে পারেননি তিনি। আক্ষেপ নিয়ে বলেন, “আমাদের ঈদ বলতে আসলে কিছু নাই। গরিব মাইনষের আবার কিয়ের ঈদ!”

দীর্ঘ পাঁচ বছর ধরে হাঁপানি আর ডায়াবেটিসে ভুগছেন নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব এলাকার হারিছ ভূঁইয়া। এখন ঘরে বসেই তার দিন কাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোন কাম কাইজ করতারি না। কিছু মানুষে সাহায্য দেয়, এমনেই চলি। একটা কাজ করতে গেলে হাঁফাইতে হাঁফাইতে নাই। সংসারের মধ্যে অহন আমি বোঝা।”

হারিছ জানান, সন্তানেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। আর নিজে কাজ করতে না পারায় তার স্ত্রীকে সংসারের হাল ধরতে দিনমজুরের কাজ করতে হচ্ছে।

ঈদের কথায় বললেন, “ঈদের দিন যে আলাদা কিছু এই ভাবনা আমরার নাই। ছোটবেলার ঈদ তো অনেক আনন্দে কাটছে, কুরবানিও দিছি। অহনেতো কিছু করার অবস্থা নাই।

“হাত পেতে চলতে হয়। ওষুধ কিনা আর কোনোরকম চলাফেরার মধ্যেই যা আসে সব চলে যায়। নতুন জামা কাপড় কিনব, ঈদে ভালোমন্দ কিছু কিনব সেই অবস্থা নাই। পুতে দেহে না, ঝি তো বিয়াই দিয়া দিছি; আমারে দেহার কেউ নাই।”

পুরান ঢাকায় ব্যাগের কারখানায় কাজ করেন নরসিংদীর চর বেলাব এলাকার তরুণ দ্বীন ইসলাম। তিনিও দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছেন। ফলে কায়িক পরিশ্রমের কাজ তেমন করতে পারেন না।

তিনি জানান, ব্যাগ উৎপাদনের সময় চলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস; ফলে তার উপার্জনও খানিকটা বাড়ে তখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দ্বীন ইসলাম বলেন, “অন্য সময় কাজের জন্য বসে থাকতে হয়; কখনও পাই, কখনও পাই না। বর্তমানে কোনো আয় নাই। জিনিসপত্রের দাম যেমনে বাড়ছে, কোনরকমে চলি, ধার করতে হচ্ছে।

“যখন ভালা আয় হয়, তখন মন্দ সময়ের ঘাটতি পূরণ করতে হয়। সবসময় একই, ভালা কাটে না কোনো সময়।”

দ্বীন ইসলামের সংসারে স্ত্রী আর তিন মাসের এক ছেলে রয়েছে। সেই সংসারে প্রতিবছরই বাড়তি চিন্তা যোগ করেছে ঈদ।

তিনি বলেন, “ছেলে যে অসুস্থ, তার চিকিৎসাইতো করতে পারছি না; ঈদে আর কী করব?”

একই এলাকার মেহের বানু পেশায় দিনমজুর, স্বামী হারিয়েছেন চার বছর আগে। ছেলে থাকলেও বর্তমানে একাই থাকেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের কিচ্ছু বাও নাইগো বইন। অক্করে ধুইয়া পানিরও ভাও নাই। একটা সেমাই যে আইন্না খাইয়াম এরও বাও নাই।”

মেহেরের ছেলে থাকেন তার পাশের বাড়িতেই। ছেলের সংসারে স্ত্রী আর তিন সন্তান রয়েছে। তার সাংসরিক অবস্থাও ভালো না।

মেহের বানু বলেন, “রোজার ঈদে কিছু আয় করতে পারছে, দিছে। কিন্তু এইবার কিচ্ছু করতারছে না। ঝি পুতেরেই খাওয়াইব, না আমারেই দিব?

“আমিও হেইরম কাম পাই না। কাম করতারলে খাই, নাইলে খাইতে পাই না। আইজ্জা হেই ঘরতে কয়টা ভাত আইন্না খাইছি।”

মেহের বানুর মত সুফলারও দিন কাটে কোনোমতে। স্বামী আর দুই সন্তান নিয়ে তার সংসার। আগে দিনমজুর হিসাবে কাজ করলেও অসুস্থ হয়ে পড়ায় এখন আর কাজ করতে পারেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টাকার অভাবে মেয়েরে পড়ালেখা করাইতে পারি না। সংসারে অভাব, চিকিৎসাও করতে পারি না। দিন চলতাছে খেয়ে, না খেয়ে। ২০ দিন আগে মাছ কিনছি। আর খবর নাই।”

সুফলার স্বামী মাসুদ মিয়া পেশায় ইজিবাইক চালক। সেটি তিনি কিনেছেন কিস্তিতে।

সুফলা বলেন, “অটোরতে যা আইয়ে তার সব কিস্তির পিছনেই চলে যায়। কিচ্ছু থাহে না। ঈদের বাজার-টাজারও কিচ্ছু করছি না। ঈদের চান্দে আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই না। আমরা চাই, সরকার আমরারে একটু দেখুক।”

ঢাকার কালশীর বস্তির সামনে কথা হয় ৭০ বছরের বৃদ্ধা মরিয়মের সঙ্গে। জানালেন, বাবা-মাকে হারিয়েছেন তিনি ছোটবেলাতেই। কৈশোরে তার ভাইয়েরা তাকে বিয়ে দিয়ে চলে যান পাকিস্তানে। আর দুই দশক আগে মারা গেছেন তার স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মানুষের থেকে চেয়ে খাই। কারোর মন চাইলে দেয়, কারোর মন না চাইলে দেয় না। ভাইয়েরাও যোগাযোগ করে না।”

নিঃস্তান মরিয়ম আক্ষেপ করে বলেন, “আমার কেউ নাই, আমারে দেখার কেউ নাই।”

স্বামীর মৃত্যুর পর পোশাক কারখানা আর মানুষের বাড়িতে কাজ করেছেন তিনি। কিন্তু তাতেও বাধ সাধে ভাগ্য। পাঁচ বছর আগে আগুন পোহাতে গিয়ে হাত-পা পুড়ে গেলে চার মাস হাসপাতালে থাকতে হয়।

মরিয়ম বলেন, “এসে দেখি কারা জানি আমার ঘরের তালা ভেঙ্গে হাঁড়ি-পাতিল, থালা-বাসন সব চুরি করে নিয়ে গেছে। এরপর থেকেই ঘুরে ঘুরে বেড়াই।”

ঈদের প্রসঙ্গ তুললে তিনি বলেন, “নিজের ঘর নাই, কেউ নাই। ঈদ কীসের।”