আবু মুসা চৌধুরীর অবদান জাতি স্মরণ করবে: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধের দুঃসাহসী নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধে আবু মুসা চৌধুরীর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী প্রয়াত এই মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের মহব্বত আলী মুন্সী বাড়িতে নিজের বাসায় আবু মুসা চৌধুরী মারা যান।
নৌ কমান্ডো মুসা মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট ও অপারেশন আউটার অ্যাঙ্করসহ ছয়টি সফল নৌ অভিযানে অংশ নেন, সে সময় তিনি ছিলেন দশম শ্রেণির ছাত্র।
একাত্তরের ২ অক্টোবর চট্টগ্রাম বন্দরে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অ্যাভলুজ’ ধ্বংসের অভিযানে অংশ নেতৃত্ব দেন আবু মুসা চৌধুরী।
বিশ্বব্যাপী আলোচিত ওই অভিযানে জাহাজে লিমপেট মাইন বেঁধে ছিলেন মুসা, সেই মাইনের বিস্ফোরণে জাহাজটি ডুবে যায়।
অপারেশন অ্যাভলুজের পর ১৬ বছর বয়সী ওই কিশোর বুড়িগঙ্গা-ধলেশ্বরী মোহনায় এমভি তুরাগ, নারায়নগঞ্জে জাতিসংঘের রসদবাহী জাহাজ মিনি লেডি ও মিনি লায়ন এবং কাঁচপুর ফেরি ও পল্টুন ধ্বংস অভিযানেও অংশ নেন।
