মহালছড়িতে আগুন: সম্মিলিত সামাজিক আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির জয়সেন পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৫ বিশিষ্ট ব্যক্তি।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের কোনো অঞ্চলে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় আমরা খুবই ব্যথিত এবং ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি।”
আদিবাসী নির্যাতন ‘কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়’ মন্তব্য করে সেখানে বলা হয়, “রাষ্ট্রীয় সেবা বঞ্চনা থেকে শুরু করে জানমালের নিরাপত্তাহীনতা এখানে সবর্দাই বিরাজ করছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি একটি ভিন্ন বার্তা দিচ্ছে। এটি চরমভাবে মানবাধিকার ও মৌলিক অধিকারের পরিপন্থি।”
মঙ্গলবার মহালছড়ির মাইসছড়ির জয়সেন পাড়ায় আদিবাসিদের বাড়ি-ঘরে লুটপাট করে অন্তত ৩৭টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ করে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।
তবে পুলিশের দাবি, ‘পাহাড়িরা নিজেরাই জনমানবহীন’ এসব ঘরে আগুন দিয়েছে।
মহালছড়ি থানার ওসি হারুনুর রশিদ বলেছেন, “সর্বমোট তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে বাঙালিরা এসব জায়গা দখল করতে না পারে সে কারণে পাহাড়িরা নিজেরায় এই ঘটনা ঘটিয়েছে।”
ঘটনার পর এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেননি বলে ওসির ভাষ্য।
তবে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, জয়সেনপাড়ায় আগুন দেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী ‘কোনো ভূমিকা পালন করেনি’।
বিবৃতিতে বলা হয়, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও তারা হামলাকারীদের প্রতিহত করতে এগিয়ে আসেনি। পরবর্তীতে হামলাকারীদের সাথে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে এবং হামলাকারীরা চলে যায়।”
ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে সেই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।
পাশাপাশি জয়সেন পাড়ার আদিবাসী বসতিতে হামলকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা; দ্রুত বিচার আইনে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা; ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আদিবাসী জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার দাবি এসেছে বিবৃতিতে।
সেখানে বলা হয়, “আমরা মনে করি, বৈচিত্র্যময়তা ধ্বংস করে সেটেলারদের আধিপত্য প্রতিষ্ঠার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা মুক্তিযুদ্ধের বাংলাদেশে চলতে পারে না।
“এ ধরনের প্রবণতা দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করাসহ জাতীয় সংহতি বিনষ্ট করবে। কাজেই দ্রুত ঘটনার প্রভাবমুক্ত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
বিবৃতিদাতারা হলেন: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমন্ডলীর সদস্য রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নুর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এসএমএ সবুর, মানবাধিকার কর্মী খুশী কবির, উন্নয়ন কর্মী রোকেয়া কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
এছাড়া সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. জোবাইদা নাসরীন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী, অ্যাডভোকেট পারভেজ হাসেম, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, গবেষক ও সংস্কৃতি কর্মী ড. সেলু বাসিত, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গণজাগরণ মঞ্চের সংগঠক অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, সংস্কৃতি কর্মী এ কে আজাদ, সাংস্কৃতিক কর্মী অলক দাস গুপ্ত, বাংলাদেশ আদিবাসী ফোরামের দীপায়ন খীসা এবং সংস্কৃতি মঞ্চের আহবায়ক সেলিম রেজা স্বাক্ষর করেছেন বিবৃতিতে।
আরও খবর
