টিকেট নেই, ঝুঁকিপূর্ণ ট্রাকই শেষ ভরসা
এক বছরের সন্তান আর স্ত্রীকে নিয়ে সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন পোশাক কারখানার কর্মী কামাল হোসেন, ঘণ্টা দুই অপেক্ষার পর টিকেট না পেয়ে শেষমেষ উঠে পড়েছেন ট্রাকে।
কামাল ট্রাকে উঠে চাদর বিছিয়ে দিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যে সেখানে বসেছেনে তার স্ত্রী-সন্তান।
ঈদে ঘরমুখো আরও অনেকে তাদের মত ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন। কেউ আবার ট্রাকচালক আর হেলপারের সঙ্গে দরদষাকষি করছেন।
ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মবিদস শেষে শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় জমান কামালের মতো হাজারো মানুষ। তাদের অনেকের গন্তব্য উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গে।
বাস টার্মিনালে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কোনো টিকেট না পেয়ে ঝুঁকি নিয়ে তারা ট্রাকেই উঠে পড়ছেন। আর ট্রাকচালকরাও যাত্রীদের কাছ থেকে ভাড়া চাইছেন বেশি।
ঢাকার বাংলাবাজারের একটি প্রেসে চাকরি করেন আলিফ মিয়া। তার গন্তব্য মাগুড়ায়। তবে বাসের টিকেট না পেয়ে তিনিও ট্রাকে উঠে পড়েছেন।
গাবতলী এলাকায় ট্রাকচালক ও সহকারীরা হাঁকডাক দিয়ে যাত্রীদের ডাকছেন। তাদের কেউ হাঁক ডাকছেন- ‘বগুড়া চারশ’, ‘মাগুড়া পাঁচশ’।
ট্রাকচালকদের অনেকে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির গরু নিয়ে ঢাকায় এসেছিলেন। আর ফেরার পথে টিকেট না পাওয়া যাত্রীদের ট্রাকে তুলছেন।
সেরকমই একটি খালি ট্রাক গাবতলী বাস টার্মিনালের কাছে আসলেই তাতে হুমড়ি খেয়ে পড়েন টিকেট না পাওয়া যাত্রীরা। সেখানে নীলফামারীর ডিমলা উপজেলার সরুজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ট্রাকে দৌড়া-দৌড়ি করে জায়গা পাই নাই। এবার পাইছি। সেই সকাল থেকে বাসের অপেক্ষায় থেকে এখন ট্রাকে যাচ্ছি।
“বাড়িতে মা আছেন, তার লগে ঈদ করমু বলেই এতো কষ্ট করে যাচ্ছি। কখন পৌঁছামু কইতে পারি না।”
ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঘাটে ঘাটে পুলিশকে টাকা দিতে হবে। তাই-ই ভাড়া বেশি নিচ্ছি।”
আরেক ট্রাকচালকের গন্তব্য রংপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাঙ্গাইল, গাজীপুরে লম্বা লাইন গাড়ির। গরুবাহী অনেক ট্রাক এখনও পথে পথে আছে। আমরা যে যাত্রী নিয়ে যাচ্ছি, কখন রংপুর যাব বলতে পারব না। যানজট না থাকলে কমপক্ষে ৮ ঘণ্টা লাগবে।”
ভাড়া বেশি কেন- এমন প্রশ্নে বলেন, “পথে পথে স্যার বকশিস দিতে হয়, টোল দিতে হয়। সিলপের টাকা দিতে হয়।”
