২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেতুতে দুর্ঘটনা হলে কি বাস-ট্রাক চলাও বন্ধ করে দেবে?’

ঢাকার মিরপুরের একটি মোটর গ্যারেজের মালিক মিলন হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামে। নির্বিঘ্নে বাড়ি যাতায়াতের জন্য পদ্মা সেতু উদ্বোধনের আগেই ১৫০ সিসির একটি মোটরসাইকেল কেনেন মিলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2022, 09:18 PM

Updated : 02 Aug 2022, 01:54 PM

মঙ্গলবার দুপুরে তিনি বলছিলেন, “সেতু হইছে জন্যেই বাড়িতে ঘরের কাম ধরছি। এখন জরুরি যাওয়া দরকার। ভাবছিলাম সকালে গিয়া বিকালে ফির‌্যা আমু। কিন্তু পারতাছি না।

“লোকজনের কাছে খবর নিলাম, ফেরি পাইতেও অনেক লেট হইতেছে। হুন্ডা দিয়া না ভরা পর্যন্ত ফেরি ছাড়ে না। ভাই কী বিপদে পড়লাম!”

শনিবার উদ্বোধনের পর রোববার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিন সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলে মানা ছিল না। ১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠতে পারছিল মোটর সাইকেল। তবে বিশৃঙ্খলা ও দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর সোমবার সকাল থেকে সেতু দিয়ে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সোমবার সকাল থেকে কিছু মানুষ পিকআপভ্যানে মোটর সাইকেল তুলে সেতু পার হতে পারলেও পরে তাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ফেরিও চলছিল না।

এতে দুর্ভোগে পড়েন বাইকাররা। ঢাকা বা মুন্সীগঞ্জ থেকে শরীয়তপুর বা মাদারীপুরে এতদিন যারা মোটর সাইকেলে যাতায়াত করতেন, তাদের জন্য সহজ কোনো বিকল্পই এখন আর ছিল না।

পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল

পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল

পদ্মা সেতুতে ওঠা বন্ধ, ফেরিও নেই; বিপাকে বাইকাররা  

বাইকারদের ফেইসবুক গ্রুপ ‘বাইকবিডি’তে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক মোটরসাইকেল চালক।  

প্রচুর পোস্ট সামলাতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে ওই গ্রুপের অ্যাডমিন শুভ্র সেন সোমবার লিখেছেন, “প্লিজ থামুন, পদ্মা সেতু নিয়ে ৩৬ ঘণ্টাতে ছয় হাজারের বেশি পোস্ট এসেছে, যা আমাদের অ্যাপ্রুভ করতে গিয়ে হিমশিম খাওয়ার অবস্থা।”

সেতু এলাকায় ট্রাক দুর্ঘটনার উদাহরণ টেনে সেখানে কেউ কেউ লিখেছেন, তাহলে কি এখন সেতু দিয়ে বাস-ট্রাক চলাচলও বন্ধ করে দেওয়া হবে।

জাহেদ শিকদার নামে একজন লিখেছেন, “গতকাল দেখলাম একটা ট্রাক উল্টে তিনজন গুরুতর আহত হয়েছেন। ট্রাকটা ওভারস্পিডে ছিল। তাহলে তো ট্রাক চলাচলও বন্ধ করে দেওয়া উচিৎ।”

পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪  

বাইকবিডি গ্রুপটিতে পোস্ট ও কমেন্টে দুর্ভোগ ও ক্ষোভের কথা জানিয়েছেন কয়েক হাজার বাইকার। ওবায়দুল শেখ নামে একজন লিখেছেন, “আমি আইন মেনে হেলমেট পরে সবসময় যাতায়াত করি। দুই-একটা বেপরোয়া বাইকারের সঙ্গে আমাদের সবাইকে মিলিয়ে ফেলা অপমানজনক।”

আল হাসান লিখেছেন, “টাকা আমার, মোটর সাইকেলে আমার, সেতু আমার না? নিয়ম-নীতি বানান, আইন-কানুন প্রয়োগ করেন। না হইলে হাই কোর্টে রিট করব। নিরাপত্তা আমার জন্যও জরুরি, কিন্তু বন্ধ করে দিয়ে ইকুইট্যাবল জাস্টিস হয় না। 

“মানুষ খুন হয় বলে কি মানুষ জন্মানো বন্ধ করে দিছে এই দেশে? দুর্ঘটনা হয় বলে কি মানুষ ঘর থেকে বের হবে না? নিয়ম ভাঙবে বলেই শাস্তির বিধান আছে, দৃষ্টান্ত দিন। কিন্তু বঞ্চিত করবেন না।”

সোমবার মাঝিরঘাটে মাত্র একবার ফেরি চলাচল করে। মঙ্গলবার ফেরি পেতে সমস্যা না হলেও তা বাইকে পূর্ণ হতে দীর্ঘ সময় লাগছিল।

সেই প্রসঙ্গ টেনে বাইকার মেহেদি হাসান মামুন বলছেন, “ফেরি আছে। তবে দেড়শ বাইক না হলে ফেরি ছাড়বে না। এখন দেড়শ বাইক জমতে তো সারাদিনও লাগতে পারে।”

মোটরসাইকেল বন্ধের এই সিদ্ধান্তের পেছনে বাস মালিকদের কারসাজিও দেখছেন অনেক বাইকার। শাওন শাহরিয়ার নামে একজন লিখেছেন, “দুর্ঘটনা, নিরাপত্তা সবই ভাঁওতাবাজি। এসবই বাস মালিক সমিতির কারসাজি।”

সেতুতে বাইক নিষিদ্ধের সিদ্ধান্ত আপাতত উঠছে না বলেই স্পষ্ট।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে মোটর সাইকেল আবার চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত রাডার স্পিড গান ও সিসি ক্যামেরা বসানোর পর নেওয়া হবে।

পদ্মা সেতুতে বাইক নিয়ে সিদ্ধান্ত স্পিড গান-সিসি ক্যামেরা বসানোর পর: প্রতিমন্ত্রী