বন্যা সামলানোর প্রস্তুতি আছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে বন্যার ঝুঁকি যে সেপ্টেম্বর পর্যন্ত থাকে, সে কথা তুলে ধরে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “বন্যা শুরু হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বন্যার ঝুঁকিটা আমাদের থাকে, পানিটা নেমে আসবে দক্ষিণ অঞ্চলে। সেজন্য আগাম প্রস্তুতি আমাদের আছে।”
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সকালে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির পাশাপাশি পদ্মা সেতু নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
সিলেট অঞ্চলে এবারের ভয়াবহ বন্যার কথা তুলে ধরে সেখানে ত্রাণ ও উদ্ধার তৎপরতার বিস্তারিত বিবরণ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি আগেই নির্দেশ দিয়েছিলাম, পানি যাতে দ্রুত নেমে যেতে পারে, প্রয়োজনে রাস্তা যেন কেটে দেয়।
“এটাও আমাদের একটা শিক্ষা, কোন জায়গা থেকে পানি নিষ্কাশন হচ্ছে, কারণ আমাদের এখানে তো বন্যা আসবেই। সেটা চিহ্নিত করে রাখতে বলেছি, সেখানে ব্রিজ কালভার্ট এমনভাবে করে দেব, যাতে পানি জমা থাকতে না পারে।”
ওই অঞ্চলে আরও বন্যা আশ্রয়কেন্দ্র করার পাশাপাশি বন্যার কথা মাথায় রেখে অবকাঠামো করার কথাও সরকারপ্রধান বলেন।
তিনি বলেন, “অনেক দিন এরকম বন্যা হয়নি, আবার বন্যা আসলো। সেইভাবে অবকাঠামো তৈরি করতে হবে।”
বন্যার পর কৃষক যেন কৃষিকাজ করতে পারে, সেজন্য বীজ, সারের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা কষ্ট করে যারা বন্যার মধ্যে কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানান।
সিলেট অঞ্চলে এবারের বন্যাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু এটা আমাদের মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আর মানুষ ঠেকাতে পারে না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের ক্ষতিটা যাতে না হয়, সেটা আমাদের দেখা দরকার।”
বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারপ্রধান বলেন, “সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। এটাই সব থেকে বড় কথা। প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সব জায়গায় তারা কাজ করছেন।
“যারা আমাদের... বিভাগীয় কমিশনার থেকে শুরু করে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকরা ও অন্যান্য কর্মকর্তারা প্রত্যেকেই কিন্তু এই বৃষ্টিতে ভিজে, পানির মধ্যে পায়ে হেঁটে হেঁটে মানুষকে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানোর কাজ করে যাচ্ছেন।”
“কাজেই আমি এটা বলব, প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে; কাজেই যেখানেই বন্যা হবে আমরা সেভাবেই সেটা মোকাবেলা করব।”
প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর ১৭ ও ১৯ পদাতিক ডিভিশন বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করেছে। প্রায় ১১ হাজার ৩৮০ জন এবং ২৩ হাজার ৪৪৬টি পরিবারের মাঝে তারা ত্রাণ দিয়েছে। প্রায় ১০ হাজার ৩১৪ পরিবারকে চিকিৎসার ব্যবস্থা করেছে।
নৌ বাহিনীর কর্মকর্তা ও ডুবুরি মিলে ১০৬ জন কাজ করছেন ওই এলাকায়। তারা সেখানে প্রায় ২০০ পরিবারকে উদ্ধার করেছেন, ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, ৩০ পরিবারকে চিকিৎসা দিয়েছেন।
বিজিবি কর্মকর্তা ও সৈনিক মিলে প্রায় ১ হাজার ৬২০ জন দায়িত্ব পালন করছেন বন্যা দুর্গত এলাকায়। তারা ১ হাজার ২৫০ পরিবারকে উদ্ধার করেছেন, ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন এবং পাঁচশ পরিবারকে চিকিৎসা দিয়েছেন।
কোস্টগার্ডের ৮০ জন সদস্য মিলে একশ পরিবারকে উদ্ধার করেছেন, ৬০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছেন, ৩০টি পরিবারকে চিকিৎসা দিয়েছেন।
বন্যাকবলিত সিলেট অঞ্চলে ১ হাজার ২৮৫টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৩০০ মেডিকেল টিম সেখানে কাজ করছে। মঙ্গলবার পর্যন্ত বন্যা কবলিত ১১টি জেলায় ৯০০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ৩৫ লাখ নগদ টাকা ও ৫৫ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। সেখানে শুকনো খাবার যেমন দেওয়া হয়েছে, অনেক জায়গায় খাবার রান্না করেও বিতরণ করা হচ্ছে।
বন্যা পরিস্থিতিতে সাংবাদিকরা বিভিন্ন সময়ে যে তথ্য দিয়েছেন, সেগুলো উদ্ধার তৎপরতায় কাজে লেগেছে মন্তব্য করে সাংবাদিকদেরও ধন্যবাদ জানান সরকারপ্রধান।
