২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবীর হত্যা: দুই সহপাঠীর মৃত্যুদণ্ড বহাল

ঢাকার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবীর চন্দ্র দাস হত্যা মামলায় তার দুই সহপাঠীর মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 08:10 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

আসামিদের আপিল ও ডেফ রেফারেন্স শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেয়।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ।

৯ বছর আগের এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি ফরহাদ হোসেন সিজু ও মো. হাসানের মৃত্যুদণ্ড এবং শফিক আহমেদ রবিন ও কামরুল হাসান শাওনকে যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে হাই কোর্ট। তাদের মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া সিজু ও হাসান পলাতক রয়েছেন।

সুবীর হত্যা: দুই সহপাঠীর মৃত্যুদণ্ড  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ বলেন, “এ মামলায় আগে থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন, আর যাবজ্জীবন পাওয়া অপর দুইজন কারাগারে রয়েছে।”

‘পূর্ব শত্রুতার জের ধরে’ ২০১৩ সালে ২১ জানুয়ারি সন্ধ্যায় সাভারের বাসা থেকে সুবীরকে (২২) ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। পরে সাভারের কোটালিয়া গ্রামে নদীর তীরে একটি ইটভাটার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় সুবীরের বাবা গৌরাঙ্গ চন্দ্র দাস সাভার থানায় হত্যা মামলা করেন। এরপর ২০১৬ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর হয়। পরে একই বছরের ২৪ অক্টোবর চার জনের মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড ও অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।

অপর দিকে বিচারিত আদালতের ওই রায়ে আরেক আসামি রবিনের স্ত্রী লুৎফা আক্তার সনিকে খালাস দেওয়া হয়।