২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা মোকাবেলায় সহায়তার প্রস্তাব দিলেন জয়শঙ্কর

সীমান্তের দুই প্রান্তে বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার মধ্যে বন্যা ও ত্রাণ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 10:51 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

রোববার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের স্ঙ্গে যৌথ পরামর্শ কমিশন বৈঠকের সূচনা বক্তব্যে এই প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যার প্রসঙ্গ তুলে জয়শঙ্কর বলেন, “আমাদের উত্তর-পূর্বাঞ্চলেও বন্যা হচ্ছে।

“বর্তমানে আমরা বন্যা ব্যবস্থাপনার তথ্য-উপাত্ত বিস্তৃত পরিসরে আদান-প্রদান করছি। আমি এই সুযোগে বলতে চাই, বাস্তবিক অর্থে যদি বন্যা ও ত্রাণ ব্যবস্থাপনায় আপনাদেরকে যদি আমাদের কোনো সহযোগিতা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা তা দিতে পারলে খুশি হব।”

গত মাসের শেষে আসামের গুয়াহাটিতে নদী সম্মেলনের ফাঁকে আলোচনা হয়েছিল মোমেন-জয়শঙ্করের। তার কিছুদিন আগে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

অল্প সময়ের মধ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের নিয়মিত সাক্ষাৎ আমাদের অনন্য বন্ধুত্বের প্রতিফলন।”

সপ্তম ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনে যোগ দিতে শনিবার দিল্লিতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। রোববার বিকালে কমিশনের বৈঠক শুরুর আগে একান্ত বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।