বন্যাকবলিত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ
দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে জলমগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বাস্তবতার নিরিখে জলমগ্ন বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব না।
পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ রাখা এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারীকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
“প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন।”
বন্যা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলেও জানানো হয়।
মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০২-৫৫০৭৪৯৬৯।
প্রতিদিন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সার্বিক পরিস্থিতির বিষয়ে কেন্দ্রে প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে।
