মাদানীর দুই মামলায় দুজনের সাক্ষ্য
ঢাকার মতিঝিল ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুই মামলায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে একজন করে সাক্ষ্য দিয়েছেন আদালতে।
বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের কাছে তারা সাক্ষ্য দেন বলে জানান মাদানীর আইনজীবী সোহেল মো. ফজলে রাব্বী।
পৃথক দুটি মামলাতেই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুলাই আদালত দিন ধার্য করেছেন বলে জানান তিনি।
সোহেল বলেন, মতিঝিল থানার মামলায় সাক্ষ্য দিয়েছেন সাভারের বাসিন্দা কাশেম আলী। মাদানীকে গ্রেপ্তারের সময় জব্দ করা আলামতের সাক্ষী তিনি।
“আদালতকে কাশেম বলেন, তিনি আলামত জব্দ করার তিনদিন পরে সাক্ষ্য তালিকায় স্বাক্ষর দিয়েছেন। জব্দ করা আলামত সম্পর্কে কিছু জানেন না।”
আর গাছা থানার মামলায় সাক্ষ্য দেন পুলিশ সদস্য আসাদুজ্জামান। মাদানীকে গ্রেপ্তার দেখানোর সময় তিনি পুলিশ টিমের সদস্য ছিলেন বলে জানান মাদানীর আইনজীবী।
তিনি বলেন, সাক্ষ্যগ্রহণকালে পুলিশ সদস্য আসাদুজ্জামান মামলার অভিযোগ অনুযায়ী তার নিজের অবস্থান অর্থাৎ সঙ্গীয় ফোর্স হিসাবে তিনি কী দেখেছেন, তা জানান। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
সাক্ষ্যগ্রহণের আগে কারাগার থেকে মাদানীকে আদালতে হাজির করা হয়। পরে ফের কারাগারে পাঠানো হয়। মতিঝিল থানার মামলায় মাহমুদুল হাসান ওরফে মুর্তজা নামে অপর আসামিকেও এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ৮ এপ্রিল মতিঝিল থানায় মামলা করেন ধানমণ্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, মাদানী ইউটিউবে ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে মানি না’, ‘সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সবকিছুতেই পাপ ও দুর্নীতিতে ভরে গেছে’- ইত্যাদি উসকানিমূলক বক্তব্য দেন।
এসব বক্তব্যের মাধ্যমে ‘রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে’ বলে অভিযোগ করা হয় মামলায়।
তার আগের দিন ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এই মামলায় সাক্ষী করা হয় ৯ জনকে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম গত বছরের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সেখানে মাদানী ও মাহমুদুলকে আসামি করে মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন নামে তিনজনের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। কারণ হিসেবে বলা হয়, তাদের ঠিকানা পাওয়া যায়নি, ফলে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।
পরে গত ২২ ফেব্রুয়ারি মাদানী ও তার সহযোগী মাহমুদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। একই দিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছিলেন।
অপরদিকে, ২০২১ সালের ৭ এপ্রিল রাতে গাজীপুরের গাছা থানায় তার বিরুদ্ধে মামলা করেন র্যাব-১-এর ডিএডি আবদুল খালেক।
গাজীপুর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছরের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে ‘সরকারকে কটাক্ষ’ করে বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় সেখানে। মামলায় ১৯ জনকে সাক্ষী করা হয়।
ওই মামলা হওয়ার আগেই গত ৭ এপ্রিল নেত্রকোণার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল মাদানীকে। সেসময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেখানে বেশকিছু পর্ন ভিডিও পাওয়ার কথা জানায় র্যাব।
পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাছা থানার মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। একই সঙ্গে ২২ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করা হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত বছরের ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তখন তাকে আসামি করা হয়নি।
