প্রাথমিকের তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ৫৭,৩৬৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষায় ৫৭ হাজার ৩৬৮ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।লিখিত পরীক্ষার প্রকাশিত ফল অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীদের যথাসময়ে জানানো হবে।
গত ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষায় ১৮ জেলার সব পরীক্ষার্থী এবং ১৪টিতে আংশিক পরীক্ষা হয়।
জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, ভোলা, বরগুনা, সিলেট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি ও পঞ্চগড়- এই ১৮ জেলার সব পরীক্ষার্থী এতে অংশ নেন।
এছাড়া এ পরীক্ষায় নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, রাজবাড়ি, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা- এই ১৪ জেলার নির্দিষ্ট উপজেলার আবেদনকারীরা অংশ নেন।
এর আগে ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়েছিলেন।
দ্বিতীয় ধাপে গত ২০ মে সাত জেলার সম্পূর্ণ এবং ২২ জেলার আংশিক উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৩ হাজার ৫৯৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ জুন থেকে শুরু হয়েছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের তিন ধাপের এ পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন ৪৫ হাজার শিক্ষক। মৌখিক পরীক্ষার মাধ্যমে জুলাইয়ের মধ্যে নতুন শিক্ষকরা নিয়োগ পাওয়ার কথা রয়েছে।
সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তখন নিয়োগ পরীক্ষা নেওয়া যায়নি।
