২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুরুচিপূর্ণ মন্তব্য’: আইভির মামলায় খোকন সাহার আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে সোশাল মিডিয়ায় ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করার অভিযোগে করা মামলায় আইনজীবী খোকন সাহা আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 07:48 PM

Updated : 02 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার  ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে বিচারক আস সামছ জগলুল হোসেন  ৫০০ টাকা মুচলেকায় মঞ্জুর করেন।

আদালতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য খোকনের পক্ষে ছিলেন আইনজীবী কাজী নজিবুল্যাহ হীরু, আব্দুল বাতেনসহ আরও কয়েকজন।

২০২১ সালের ৪ জানুয়ারি আইনজীবী খোকনসহ দুইজনের নামে এ মামলাটি দায়ের করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আসামিরা হলেন- ‘হিন্দু লাইভস ম্যাটারস’ নামে ফেসবুক ও ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী প্রদীপ দাস ও নারায়ণগঞ্জ বারের আইনজীবী খোকন সাহা।

এ মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করে সেসময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।

সিআইডির পুলিশ পরিদর্শক শাহ জালাল তদন্তে এ ঘটনার সত্যতা পেয়ে ২০২১ সালের ২৭ ডিসেম্বর প্রদীপ দাস ও খোকন সাহার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পরে গত ২১ এপ্রিল মামলার প্রতিবেদন গ্রহণ করে ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

মামলায় অভিযোগ করা হয়, আসামি প্রদীপ দাসের চালু করা ইউটিউব চ্যানেল বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের হাতে নির্যাতিত ও নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের খবর প্রচার করে।

ওই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের মূল উদ্দেশ্য মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক, ভিত্তিহীন সংবাদ ও ছবি প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা।

আসামি প্রদীপ দাস তার চ্যানেলে প্রায় ১০০টি ভিডিও আপলোড করেন উল্লেখ করে সেসবের প্রতিটি ভিডিওতে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া তার ইউটিউব চ্যানেলে আসামি খোকন সাহার লাইভ সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে খোকন বলেন, “হিন্দুদের দেবোত্তর সম্পত্তি, বাদিনী তথা মেয়র মহোদয়ের দাদা মাহাতাব উদ্দিনসহ পরিবার অবৈধভাবে দখল করে আছেন।”

অভিযোগে বলা হয়, প্রদীপ দাসের ইউটিউব চ্যানেলে ‘মেয়র আইভী পরিবারের দখলে কোটি টাকার দেবোত্তর সম্পত্তি উদ্ধারে গণঅনশন’ শিরোনামে অপর একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে খোকন বলেন, “হিন্দু কমিনিউটির ভোট নেবেন, সম্পত্তি দখল করে নেবেন দেবোত্তর, এটা হবে না।”