পিলখানা: বিস্ফোরক আইনের মামলায় ৪ জনের সাক্ষ্য
পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় প্রত্যক্ষদর্শী তিনজনসহ চারজনের সাক্ষ্যগ্রহণ করেছে ট্রাইবুনাল।
বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক ইমরুল কায়েশ এ সাক্ষ্য গ্রহণ করেন।
একইসঙ্গে আদালত আগামী ২৮ ও ২৯ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ রেখেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ।
সাক্ষীরা হলেন- খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক জামাল হোসাইন, বিজিবি ৯ রুমা ব্যাটালিয়নের হাবিলদার মো. ফারুক আহমেদ, ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের হাবিলদার শহীদুল ইসলাম ও ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের পাঁচক মো. হাতেম আলী।
এ নিয়ে বিস্ফোরক আইনের মামলাটিতে ১১৩ কার্যদিবসে ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ২৪১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
এ মামলার আসামির সংখ্যা ৭৭৫ জন। সাক্ষ্যগ্রহণকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ঢাকার জজ আদালত ২০১৩ সালে দেওয়া রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এছাড়া ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। এরপর হাই কোর্টের রায় হয় ২০১৭ সালে।
হাই কোর্টের রায়ে যারা খালাস পেয়েছিলেন, তারা বিস্ফোরক আইনের মামলারও আসামি হওয়ায় এখনও কারাগারে রয়েছেন।
বিডিআর বিদ্রোহের ৫৭টি মামলার বিচার কার্যক্রম বাহিনীর নিজস্ব আদালতে শেষ হয়। সেখানে ছয় হাজার জওয়ানের কারাদণ্ড হয়।
বিদ্রোহের বিচারের পর পিলখানায় হত্যাকাণ্ডের মামলার বিচার শুরু হয় সাধারণ আদালতে।
আরও খবর
