চিকিৎসক বুলবুলকে ‘ছুরিকাঘাতকারী’ রিপন গ্রেপ্তার
ঢাকার মিরপুরে তিন মাস আগে যার ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলের মৃত্যু হয়েছিল, তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মানস কুমার পোদ্দার বলেন, বুধবার বিকালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে মো. রিপন নামে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বুলবুলকে হত্যার ঘটনায় পাঁচজন জড়িত ছিল এবং তাদের সবাইকেই গ্রেপ্তার করা হল জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিপনই চিকিৎসক বুলবুলকে ছুরিকাঘাত করেছিল। গ্রেপ্তারের পর সে তার দায় স্বীকার করেছে।”
রিপনকে বৃহস্পতিবারই আদালতে পাঠালে তিনি ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিদেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।
শেওড়াপাড়ার এই স্থানেই হামলার শিকার হন আহমেদ মাহী বুলবুল।
গত ২৭ মার্চ ভোরে নোয়াখালী যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে শেওড়াপাড়ায় হামলার শিকার হন বুলবুল। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার সেদিনই অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তিন দিন পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বুলবুল ছিনতাইকারীর হামলার শিকার হয়েছিলেন।
আহমেদ মাহী বুলবুল
ওই দলের পঞ্চম সদস্য রিপনকে এবার ধরা হয়েছে জানিয়ে উপ কমিশনার মানস কুমার পোদ্দার বৃহস্পতিবার বলেন, “বাকি চারজনও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
আরও পড়ুন:
