চাকরি ফেরত চেয়ে ব্যাংকারদের মানববন্ধন
কোভিড মহামারীকালে ব্যাংক থেকে ‘বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায়’ পদত্যাগকারী ও ‘ছাঁটাই’ হওয়া ব্যাংকাররা দ্রুত সময়ের মধ্যে চাকরি ফেরত চেয়ে মানববন্ধন করেছেন।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন থেকে ‘চাকুরিচ্যুত’ ব্যাংকাররা তাদের দাবি তুলে ধরেন।
এতে বিভিন্ন ব্যাংকের সাবেক শতাধিক ব্যাংকার অংশ নেন। এর আগে চাকুরি ফেরত চেয়ে তারা গত ২৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ২৩ মে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেন।
২০২০ সালে কোভিড ১৯ সংক্রমণের সময় এবং ব্যাংক খাতে ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দেওয়ার পর বিভিন্ন ব্যাংকে অনেক কর্মীর পদত্যাগের খবর সংবাদ মাধ্যমে আসে।
তখন অভিযোগ করা হয়, বাধ্যতামূলকভাবে কারণ ছাড়াই কর্মীদের ছাঁটাই করছে বিভিন্ন ব্যাংক।
ওই সময় সবচেয়ে বেশি পদত্যাগকারী ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংকে বিশেষ পরিদর্শন চালিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল দেখতে পায়, এসব ব্যাংকে মোট ৩ হাজার ৭০ জন ব্যাংকার ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন। ছাঁটাই করা হয় ১২ জন, অপসারণ করা হয় ২০১ জনকে, বরখাস্ত করা হয় ৩০ জনকে।
এরপর ২০২১ সালে সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে চাকুরিচ্যুতদের ফিরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়। এ নিদের্শনার পর কিছু কর্মীদের ফিরিয়ে নেয় বিভিন্ন ব্যাংক।
বুধবার মানববন্ধনে অংশ নেওয়া বেসরকারি একটি ব্যাংকের সাবেক এসএভিপি আবু জাফর মো. রিয়াজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২০ সালের মার্চের শেষের দিকে তাকে মানবসম্পদ বিভাগ থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। চাকুরির সুবিধাদি রক্ষার শর্তে জোর করে পদত্যাগপত্র নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এরপর চাকুরি ফেরত চেয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে ওই ব্যাংকে আবেদন করলে এ বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
তবে এখনও চাকরি ফেরত পাননি রিয়াজ খান।
মানববন্ধনের সমন্বয়কারী মেহবুব আলমের অভিযোগ, ছয় হাজারের মত কর্মী চাকুরি থেকে ছাঁটাই ও পদত্যাগে বাধ্য হয়েছেন। এরমধ্যে চাকুরি প্রত্যাশীদের সংখ্যা হাজের তিনেক।
“অনেকের বয়স শেষ হয়ে গেছে, কেউ অন্য পেশায় চলে গিয়েছেন, আবার কিছু সংখ্যক ভিন্ন ব্যাংকে চাকুরি পেয়েছেন। আমরা দাবি করছি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মেনে সব ব্যাংক কর্মীদের চাকুরি ফেরত দিক,” যোগ করেন তিনি।
