২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 07:40 PM

Updated : 14 Jul 2022, 06:24 PM

জনশুমারি ত্রুটিমুক্ত ও সফল করতে দেশে এই প্রথম গণনা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত জনশুমারির উদ্বোধন করেন।

সর্বশেষ ২০১১ সালে আদম শুমারি হয়েছিল। এর ১১ বছরের বেশি সময় পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ডিজিটাল পদ্ধতিতে সপ্তাহব্যাপী জনশুমারি পরিচালনা করছে।

এই জনশুমারিতে ভাসমান মানুষের তথ্য সংগ্রহ মঙ্গলবার মধ্যরাতেই শুরু হয়। মাঠ পর্যায়ে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ চলবে ২১ জুন পর্যন্ত।

জনশুমারির প্রশ্নপত্রে প্রায় ৩৫টি প্রশ্ন থাকবে, যেখানে গণনাকারী ট্যাব ব্যবহার করে মানুষের কাছ থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন।

জনশুমারি সফল করার জন্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী, ৬৩ হাজার ৫৪৮ জন সুপারভাইজার, ৩ হাজার ৭৭৯ জন আইটি সুপারভাইজার, ৩ হাজার ৭৭৯ জন জোনাল অফিসার, ১৬৩ জন জেলা জনশুমারি সমন্বয়কারী এবং প্রায় ১২ জন বিভাগীয় জনশুমারি সমন্বয়কারী কাজ করবেন।