ওটিটি নীতিমালা চূড়ান্ত করতে অংশীজনের মত চায় সংসদীয় কমিটি
ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে কন্টেট প্রদর্শনের নীতিমালা চূড়ান্ত করতে অংশীজনদের মতামত নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে সংসদীয় কমিটি।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের বৈঠকে ওটিটি নীতিমালা মন্ত্রণালয় উপস্থাপন করেনি। আমরা অংশীজনদের সঙ্গে আলাপ করতে বলেছি। তাদের মতামত নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দিতে বলা হয়েছে।”
ওটিটিনির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অনৈতিক-আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ-তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ২০২০ সালে রিট হয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। রুলে ওটিটিনির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
গত বছর ১৮ জানুয়ারি তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা দাখিল করার নির্দেশ দেয় হাই কোর্ট। পরে এ বছর জানুয়ারিতে আদালতে খসড়া নীতিমালা দাখিল করে বিটিআরসি। সেসময় শুনানি নিয়ে চার মাসের মধ্যে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরে গত ১৩ জুন এক আদেশে আগামী তিন মাসের মধ্যে ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অনৈতিক-আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধ, তদারকি ও রাজস্ব আদায়ে চূড়ান্ত নীতিমালার বিষয়ে নেওয়া পদক্ষেপ এবং অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলে হাইকোর্ট।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আদালতে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২০২০ সালে আদালতের নির্দেশের পর একটি খসড়া নীতিমালা তৈরি করে তথ্য মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়। নীতিমালাটি চূড়ান্ত করার আগে আরও মতামত নেবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।
সংসদীয় কমিটির সভাপতি ইনু বলেন, “মন্ত্রণালয় বিস্তারিত প্রতিবেদন দিলে আমরা পর্যালোচনা করে সুপারিশ দেব।”
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অনুপস্থিতির জন্য বেতন কাটার উদ্যোগ নিতে সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানী শিল্পীদের শ্রেণি ও মান অনুযায়ী যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ করা হয়।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সিমিন হোসেন (রিমি), মো. মুরাদ হাসান ও খন্দকার মমতা হেনা লাভলী অংশ নেন।
