২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে ছাতিম, সফেদা, হরিতকির চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

রাজধানী বা অন্য শহরে বসবাসকারীদের মধ্যে যাদের জায়গা সঙ্কট রয়েছে, তাদেরকে বাসার বেলকনিতে হলেও একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 05:14 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

নিজের সরকারি বাসভবন গণভবন চত্বরে বুধবার ছাতিম, সফেদা ও হরিতকি গাছের তিনটি চারা রোপণ করে এ আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বুধবার গণভবনে প্রধানমন্ত্রী চারাগুলো রোপণ করেন জানান তার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু।

আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান থেকে শেখ হাসিনা প্রত্যেককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান।

শহরে বসবাসকারীদের উদ্দেশে তিনি বলেন, “শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।“

ছাদ বাগানের সুফল তুলে ধরে শেখ হাসিনা বলেন, “রাজধানীতে হয়ত সবার জায়গা নেই কিন্তু বাসার ছাদে বাগান করা যেতে পারে।

সরকারি অফিসগুলোর ছাদেও বাগান করার পরামর্শ দেন সরকার প্রধান।”

‘আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে’ মন্তব্য করেন তিনি বলেন, সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়নও করেছে।

এ প্রসঙ্গে জলবায়ু ‘ট্রাস্ট ফান্ড’ গড়ায় বাংলাদেশের কথা বলেন।

“বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে, সেটাই করবো।“

বৃক্ষরোপণে দলীয় কর্মসূচির কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, “১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে।“

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলা হয়। ১৯৯৮ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায়।

গণভবনে কৃষক লীগের কর্মসূচিতে দলীয় সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ সংগঠনটির শীর্ষ নেতারা এই সময়  উপস্থিত ছিলেন।