পরিকল্পনামন্ত্রীর দেহে ফের করোনাভাইরাসের হানা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শরীরের দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।
তার সহকারী একান্ত সচিব মাসুম বিল্লাহ জানান, গত রোববার নমুনা পরীক্ষা করে মন্ত্রীর কোভিড ধরা পড়ে। তিনি এখন রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসায় অবস্থান রয়েছেন।
“একনেক সভায় অংশ নেওয়ার জন্য নিয়ম অনুযায়ী মন্ত্রী গত রোববার আইইডিসিআর’র কাছে নমুনা দেন। ওইদিন সন্ধ্যায় মন্ত্রী মহোদয় কোভিড পজিটিভ বলে জানানো হয়।
“এরপর সোমবার আবারও নমুনা দেওয়া হয়। ওই দিন আবারও পজিটিভ বলে জানানো হয়।”
কোভিড ধরা পড়লেও পরিকল্পনামন্ত্রীর শরীরে এখন জ্বর ছাড়া তেমন কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।
নমুনা পরীক্ষার ফল পাওয়ার আগে রোববার বিকালে পরিকল্পনামন্ত্রী আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
২০২০ সালের ১২ অক্টোবর প্রথমবারের মতো পরিকল্পনামন্ত্রীর শরীরে কোভিড শনাক্ত হয়েছিল। সেবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।
