রিকশারোহী তরুণীকে আক্রমণ, মহিলা পরিষদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিয়ে রিকশায় করে বাসায় ফেরার পথে এক তরুণীকে নিপীড়নের ঘটনায় জড়িত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ‘আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’- এই স্লোগানে মহিলা পরিষদ এই সমাবেশ ডাকে।
গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে রিকশায় যাওয়ার সময় ওই তরুণীর উপর চড়াও হয় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি। হামলাকারী ওই তরুণীকে খামচে ধরে তার জামা ছিড়ে ফেলে; এরপর গালাগাল করতে করতে চলে যায়।
ওই তরুণী একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত। পরের দিন শাহবাগ থানায় মামলা করেন তিনি।তবে পুলিশ এখনও অপরাধীকে শনাক্ত করতে পারে নি।
সমাবেশে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, তখন রাত ১২টা বা ১টার দিকেও সার্জেন্ট জহুরুল হক হল থেকে একা ফিরেছি, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। বাইর থেকে যখন ক্যাম্পাসের চত্বরে ফিরেছি, তখন মনে হত আমরা নিরাপদ জায়গায় আছি।
“আজকে যারা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এই ধরনের কাজ করছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের চিহ্নিত করুন। এই বিশ্ববিদ্যালয়ের সম্মান আপনার সম্মানের সাথে জড়িত।”
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন,“ কোন ধরনের শিক্ষার ফলে ওই কাপুরুষ নারীর প্রতি এই ধরনের সহিংসতা দেখায়?
“একজন নারীকে মানুষ হিসেবে গ্রহণ করুন, সে আপনার অধীনস্থ না, পদানত না-এই শিক্ষায় আপনারা শিক্ষিত হোন। যদি তা না হয়, তাহলে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে।”
নারীর প্রতি সহিংসতা রোধে সমাবেশ থেকে সংগঠনটির আন্দোলন উপপরিষদের অ্যাডভোকেসি লবির পরিচালক জনা গোস্বমী বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
দীপ্তি সিকদারে সঞ্চালনায় সভায় মহিলা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, এবং সংগঠনের , কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সদস্য নাহিদ নবী লেনা, রাম লাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালযের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিদিয়া রাকা, ইডেন কলেজের শিক্ষার্থী নির্জনা ভূঁইয়া বক্তব্য দেন।
