২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: কামালের রিটের শুনানি ফের মঙ্গলবার

ছয় কোটি টাকা কর ফাঁকির অভিযোগে আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে গণফোরাম সভাপতি কামাল হোসেনের করা রিট আবেদনের আংশিক শুনানি শেষে মঙ্গলবার পরবর্তী দিন রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 09:21 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চে রোববার এ বিষয়ে শুনানি হয়।

আদালতে কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েস্টয়ের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী তানিম হোসেন শাওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

আইনজীবী শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকে আংশিক শুনানি হয়েছে, আগামী মঙ্গলবার আবার শুনানির জন্য দিন রেখেছে আদালত।"

আয়কর নিয়ে ট্যাকসেস আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করে কামাল অ্যান্ড অ্যাসোসিয়েস্ট। এর আগে গত ২১ জুন শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় এলেও রিটকারীর এক আবেদনে শুনানি এক সপ্তাহ পিছিয়ে রোববার দিন রাখে আদালত।

কর ফাঁকি: কামালের রিট আবেদনের শুনানি পেছাল  

রিট আবেদনে বলা হয়, কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েস্ট ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি চার লাখ তিন হাজার ৪৯৫ টাকা আয়কর রিটার্ন দাখিল করে। কিন্তু ওই অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড তার নামে ২০ কোটি ১১ লাখ চার হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ছয় কোটি নয় লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা আয়কর এবং আরও ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বরে রাজস্ব বোর্ডের একজন ডেপুটি কমিশনারের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট যুগ্ম কমিশনারের কাছে আপিল করেন কামাল হোসেন। ওই আপিল শুনানি শেষে ২০২০ সালের ২৫ জুন তা খারিজ করে আদেশ দেওয়া হয়।

এরপর যুগ্ম কমিশনারের ওই আদেশের বিরুদ্ধে কামাল ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। কিন্তু তাও খারিজ হওয়ায় হাই কোর্টে এসেছেন কামাল।