কর ফাঁকি: কামালের রিট আবেদনের শুনানি পেছাল
ছয় কোটি টাকা কর ফাঁকির বিষয়ে কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে গণফোরাম সভাপতি কামাল হোসেনের করা রিট আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে হাই কোর্ট।
কামালের সময়ের আবেদনে সায় দিয়ে রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে কামাল হোসেনের পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী তানিম হোসেন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
আয়কর নিয়ে ট্যাকসেস আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে গত সপ্তাহে এ রিট আবেদনটি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল। এরপর হাই কোর্টে শুনানির জন্য রোববার দিন নির্ধারণ হয়েছিল।
রিট আবেদনে বলা হয়, কামাল হোসেন ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি চার লাখ তিন হাজার ৪৯৫ টাকা আয়কর রিটার্ন দাখিল করেন। কিন্তু ওই অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড তার নামে ২০ কোটি ১১ লাখ চার হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ছয় কোটি নয় লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা আয়কর এবং আরও ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বরে রাজস্ব বোর্ডের এক ডেপুটি কমিশনারের ওই আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট যুগ্ম কমিশনারের কাছে আপিল করেন কামাল হোসেন। ওই আপিল শুনানি শেষে ২০২০ সালের ২৫ জুন তা খারিজ করে আদেশ দেয়।
এরপর যুগ্ম কমিশনারের ওই আদেশের বিরুদ্ধে কামাল ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। কিন্তু তাও খারিজ হওয়ায় হাই কোর্টে আসেন কামাল।
