২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু উদ্বোধনে ‘অন্তর্ঘাতের’ শঙ্কা আছে: কাদের

পদ্মা নদীর উপর দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধনের দিন ‘অন্তর্ঘাতের’ শঙ্কার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 09:21 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে। রোববার মুন্সীগঞ্জ গিয়ে প্রকল্পের সর্বশেষ অবস্থা পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্ঘাতের শঙ্কা প্রকাশ করেন তিনি।

গত কিছু দিনে কন্টেইনার ডিপো, ট্রেনে, ফেরিতে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে নাশকতার সন্দেহের কথা মন্ত্রীদের কথায় আসছে।

পদ্মা সেতু উদ্বোধনেও তেমন শঙ্কা আছে কি না- প্রশ্ন করা হলে কাদের বলেন, “অন্তর্ঘাত? হতেও পারে। সেটা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। গোয়েন্দাদের কাছে কিছু খবরও আছে।

“সাম্প্রতিককালে যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় এটা কি এমনিতেই হচ্ছে, নাকি কেউ করাচ্ছে, পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এই ধরনের অন্তর্ঘাতের আশঙ্কা আমাদের আছে। আগেও ছিল, এখনও আমাদের সেই আশঙ্কা আছে। অন্তর্ঘাত কি না, সেটা তদন্তের মাধ্যমে বলা যাবে।”

পদ্মা সেতুর ‘বিরোধিতা’ যারা করেছিলেন তাদের উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ব ব‌্যাংক, মুহাম্মদ ইউনূস, বেগম জিয়া; সবাইকে দাওয়াত দেওয়া হবে। প্রক্রিয়া শুরু হয়েছে, কার্ডও ছাপা হয়ে গেছে।”

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, “পদ্মা সেতু শেখ হাসিনার স্বপ্নের সেতু। এই সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু।

“বিশ্ব ব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পর শেখ হাসিনা সেদিন জোর গলায় বলেছিলেন, আমরা আমাদের নিজের অর্থায়নে পদ্মা সেতু করব। সেদিন অনেকেই বিদ্রুপ করেছিল, কিন্তু স্বপ্নের পদ্মা সেতু ঠিকই হয়েছে।”

কাদের বলেন, “পদ্মা সেতু নিয়ে যতই সমালোচনা হয়েছে, ততই মনোবল দৃঢ় হয়েছে। শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংক বলেছে, পদ্মা সেতু থেকে সরে যাওয়া ভুল হয়েছে।

“শেখ হাসিনা প্রমাণ করেছেন যে আমরাও পারি, উই ক্যান। পদ্মা সেতু শেখ হাসিনার অসীম সাহসের সোনালী ফসল। সেতু নির্মাণের সব কৃতিত্ব শুধু তার।”

সেতুর জন্য যারা নদীর দুই পাড়ে ভিটা ছেড়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “তারা ত্যাগ স্বীকার না করলে পদ্মা সেতু হত না।”

পদ্মা সেতু নির্মানে নদী শাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জিং কাজের খরচের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দ্বিতল (সড়ক-রেল) পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ৯ দশমিক ৮৩ কিলোমিটার, মূল সেতুর খরচ ১২ হাজার ১০০ কোটি টাকা; নদীশাসনে খরচ ৯ হাজার ৪০০ কোটি টাকা; ৬ লেইনের সংযোগ সড়কে ব্যয় হয়েছে ১ হাজার ৯০৭ কোটি টাকা; পরামর্শক, নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা।

এছাড়া জমিহারাদের পুনর্বাসনে ১ হাজার ৫০০ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২ হাজার ৭০০ কোটি টাকার হিসাব দেন কাদের।

তিনি জানান, এই সেতুর নির্মাণ খরচ হিসেবে আগামী ৩৫ বছরে ৩৬ হাজার কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে।

“কারণ এই সেতুটি করতে যে টাকা ব‌্যয় হয়েছে, তা সেতু বিভাগ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে।”

পাইলিং থেকে শুরু করে পদ্মা সেতু নির্মাণের বিভিন্ন পর্যায়ে বিশ্বের ‘সেরা টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে দাবি করে কাদের বলেন, এই সেতুর স্থায়িত্ব হবে ১০০ বছর।

সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজী, আনিসুর রহমান উপস্থিত ছিলেন।