২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 07:37 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ক একটি আপিলের আবেদন শুনানি শেষে খারিজের আদেশ দেয়।

আদালতে শামীম এস্কান্দরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

ফজলুল হক সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগের আজকের এই আদেশের ফলে দীর্ঘদিন বিচারিক আদালতে আটকে থাকা এ মামলার বিচার কাজ চলতে আর কোনো বাধা থাকল না।”

এর আগে ৫ জুন মামলা বাতিল চেয়ে ওই আবেদনের শুনানি শেষে আদেশের জন্য রেখেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২০০৮ সালের ৫ মে শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নেন শামীম ও তার স্ত্রী।

এরপর ২০০৯ সালে আসামিপক্ষের এক আবেদনে মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে।

২০১৯ সালে এ স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত।

এর মধ্যে ২০১৬ সালে ১৩ মে এ মামলা বাতিল চেয়ে শামীম ইস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেয় হাই কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল বা আপিলের আবেদন করেন শামীম ও তার স্ত্রী।

শামীম এস্কান্দারের বিরুদ্ধে মামলা চলবে কি না, জানা যাবে ১২ জুন  

১৭ এপ্রিল আপিল বিভাগ এ আবেদনের শুনানির জন্য ২৯ মে দিন ধার্য্য করে। ওইদিন আবেদনের পক্ষে সময় চাইলে আপিল বিভাগ ৫ মে পর্যন্ত সময় দেন। ওইদিন শুনানি শেষে রোববার আদেশের জন্য দিন ধার্য্য করেছিল আপিল বিভাগ।