জুরাইনের মিজানুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি
ঢাকার জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের নেতা মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।
তিনি বলেন, “তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি চলে গেছেন।”
এর আগে দুপুরে শ্যামপুর থানা পুলিশ তাকে ‘আটকের পর’ ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও ‘গ্রেপ্তার করা হয়নি’ বলে জানিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা আশরাফ।
তাকে আটকের খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের গেটে জড়ো হন।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদও মিজানকে আটকের কথা জানিয়ে পুলিশের ওপর হামলার মামলায় ‘দুপুর পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি’ বলে জানিয়েছিলেন।
মঙ্গলবার জুরাইন রেলগেট এলাকায় উল্টো দিক দিয়ে আসা মো. রনি নামে এক মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র যাচাইয়ের সময় স্থানীয়রা হামলা চালায় বলে ভাষ্য পুলিশের।
এ ঘটনায় পুলিশ সার্জেন্ট আলী হোসেন আহত হন। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে আসা ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এএসআই উৎপল চন্দ্রও সেসময় আহত হন।
ঘটনার পরপরই মোটরসাইকেল চালক রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া এবং শ্যালক ইয়াসিন আরাফাত ভূইয়াকে পুলিশ আটক করে। পরে শ্যামপুর থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বলছে, মোটরসাইকেলের কাগজপত্র দেখার জন্য রনি ও তার স্ত্রীকে পুলিশবক্সে নেওয়া হলে রনির স্ত্রী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন আশেপাশে থাকা লোকজন ‘নারী লাঞ্ছনার অভিযোগ তুলে’ সার্জেন্টকে মারধর করে এবং পুলিশবক্স গুঁড়িয়ে দেয়।
রনি ঘটনার সময় নিজেকে ‘বার্তা বিচিত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তবে বুধবার তার পক্ষে জামিনের আবেদনে রনিকে আইনজীবী হিসাবে উল্লেখ করা হয় বলে জানায় পুলিশ।
এক প্রশ্নের জবাবে উপ-কমিশনার ইফতেখার বলেন, “মামলার অগ্রগতি সম্পর্কে ডিবি ভাল বলতে পারবে।”
আরও খবর
