সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পরিচর্যায় বাড়তি চাপে স্বজনরা
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্বজনের জন্য শোকের সঙ্গে সঙ্গে প্রিয়জনের উপর বাড়তি চাপ হয়ে উঠেছে রোগীদের পরিচর্যার জটিলতা।
বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডোর ঘুরে দেখা যায়, বিষণ্ণ হয়ে বসে আছেন ভর্তি রোগীদের কারো মা, ভাই কিংবা স্ত্রী। চোখে আর চেহারায় উদ্বেগের ছাপ।
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বজনদের পরিচর্যা নিয়েই সবসময় ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। সবকিছু জানা না থাকায় বিভিন্ন পরীক্ষার জন্য কিংবা ছোট খাট প্রয়োজনে ছুটতে হচ্ছে বিভিন্ন স্থানে।
হাসপাতালে ভর্তি মোহাম্মদ রুবেলের স্ত্রী বিবি মরিয়ম বলেন, “তারা ডেইলি তিনবার আমারে মলম দিতে ডাকে। আমরা এইখানে বইসা থাকি, শুইয়া থাকি। এই নোংরা হাত দিয়া তারে মলম লাগায়ে দেই।
“তারা গ্লাভসও দেয় না একটা... সেই চট্টগ্রাম হাসপাতাল থেইকা তারে ব্যান্ডেজ কইরা দিছে, সেই ব্যান্ডেজ খুলতেছে না এখনও। জিগাইলে কয় ডাক্তার কয় নাই। ডাক্তার না কইলে তারা আমারে দিয়া মলম লাগায় ক্যান?”
বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের উল্লেখ করে মরিয়ম বলেন, “ওনারে সরকার হেলিকপ্টারে নিয়া আসছে… আমরা এইখানে নতুন। কিছু বুঝি না আমরা। তারা আমগোরে এতগুলা টেস্ট করতে দিছে।
“কিন্তু সেই টেস্ট আমরা কই গিয়া করামু, কেমনে করমু, তা আমরা জানতাম না, কেউ নাই যারা আমাগোরে বুঝায়ে কইব। আমরা ডাক্তাররে কিছু কইতে পারি না, হে আমাগোর লগে তো কথা কইব না...”
একই ধরনের অভিজ্ঞতার কথা জানালেন হাসপাতালে ভর্তি নজরুল মণ্ডলের ছোট ভাই কামরুল ইসলামও।
তিনি বলেন, “প্রথম যখন আনলাম, তার ইউরিনের ব্যাগটা আলাদা করতে হবে। ওটার নিয়ম আছে একটা, একটা নির্দিষ্ট এমএল হলে খুলে ফেলতে হয়। এখন আমরা তো জীবনেও এই কাজ করি নাই।
হাসপাতালে বিভিন্ন মন্ত্রীরা পরিদর্শনে আসবেন এমন খবরে পরিস্থিতি আগের চেয়ে ‘একটু ঠিকঠাক’ হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাও, মলম এখন আমাদেরই লাগাতে হয়...
“অথচ একটা হাসপাতালে কাজ করার সুবাদে আমি জানি যে, ডাক্তার নার্সরা অন্তত রোগীদের ক্ষেত্রে ছেলে মেয়ের হিসাব করে না। তাদের কাছে সব সমান।”
একটি হাসপাতালের আইটিতে কাজ করেন জানিয়ে কামরুল বলেন, “এইখানে সিস্টেমেটিক্যালি কিছু চলে না। তারা একটা জিনিস নিয়া আমাদের এখানে পাঠায়, ওখানে পাঠায়। সারাক্ষণ এই রুম, ঐ রুম, এই ফ্লোর, ঐ ফ্লোর করি।”
অগ্নিদগ্ধ হয়ে ভর্তি মহিবুল্লাহর মা হাসিনা বলেন, “আমার ছেলের লজ্জাস্থান নাই, পুড়ে গেছে সব। তার শরীরের মোট ১২ জায়গায় পুড়ছে। কিন্তু পুরুষ লোক আছে ওখানে, তারা ওরে পরিষ্কার করে।
“তবে আমি আজকে মুখের চারপাশে মলম লাগায়ে দিছি ওর… লাগানোর আগে ডেটল (স্যানিটাইজার) দিয়া লইছি।”
ছেলের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি জানান, মহিবুল্লাহ চোখে দেখতে পায় না এখনো, সারাক্ষণ তার চোখ বন্ধই থাকে।
রোগীর পরিচর্যায় স্বজনদের দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, “ডিউটিরত নার্স যদি মেয়ে হয়, তাহলে হয়তো সে নিজে ওরকম প্রাইভেট প্লেসে হাত দিতে একটু অস্বস্তিবোধ করে। আবার অনেকসময় রোগী নিজেও আপত্তি জানায়।
রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে এই চিকিৎসক বলেন, “আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, রোগীরা যখন আমাদের হাসপাতালে চিকিৎসা নেয়, অনেক অভিযোগ থাকে তাদের।
“কিন্তু তারা যখন আবার অন্য কোনো সরকারি মেডিকেলে যায়, তখন সেবার মানের পার্থক্যটা ঠিকই ধরতে পারে।”
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৪১ জনের মরদেহ উদ্ধার করে বিভিন্ন সংস্থা। মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। এরপর সন্ধ্যায় ডিপোর ভেতরে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। হতাহতের বেশিরভাগই ফায়ার সার্ভিস কর্মী, ডিপোর শ্রমিক-কর্মচারী, কন্টেইনারবাহী গাড়ির চালক-সহকারী ও শ্রমিক।
আহতদের মধ্যে একশর বেশি মানুষ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
