বিমানের বোয়িংয়ে এবার ট্রলির আঘাত
ট্রলির আঘাতের পর উড়াল বন্ধ হয়েছে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের।
শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ওই বোয়িংটিতে আঘাত করে বলে বিমান কর্মকর্তারা জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, “রাতে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের বোয়িংটিকে ইউএস-বাংলার একটি ট্রলি ধাক্কা দিলে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।”
বিমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) দিয়ে।
ব্যাগ বহনের ওই গাড়িগুলো ডলি-ট্রলি নামে পরিচিত। ঢাকা এয়ারপোর্টে বেসরকারি এয়ারলাইন্সগুলো ট্রাক্টরের ইঞ্জিনের সঙ্গে ট্রলি জুড়ে দিয়ে ব্যাগ বহনের কাজটি করে। এরকম একটি গাড়ির দুটো ট্রলি চলন্ত অবস্থায় মূল ইঞ্জিন থেকে ছুটে গিয়ে বিমানের বোয়িংয়ে আঘাত হানে।
তাহেরা খন্দকার বলেছেন, বিষয়টি উড়োজাহাজ নির্মাতা বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী প্রকৌশলীরা এটি মেরামত করবে। এজন্য আরও দুদিন লাগবে।
ইউএস-বাংলা উড়োজাহাজ মেরামতের অর্থ দিতে সম্মত হয়েছে বলেও বিমান থেকে জানানো হয়েছে।
এর আগে গত ১০ এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের দুটো বোয়িংয়ের মধ্যে ধাক্কা লাগলে দুটো উড়োজাহাজই কিছুদিনের জন্য গ্রাউন্ডেড হয়। পরে এগুলো মেরামত করে উড়ালে পাঠানো হয়েছে।
