২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সাধারণ গুচ্ছের আবেদন শুরু ১৫ জুন

সাধারণ গুচ্ছভুক্ত ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহীরা আগামী ১৫ জুন থেকে আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 10:33 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর জানিয়েছেন।

তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১৫ থেকে ২৫ জুনের মধ্যে আবেদন করতে হবে।

“এবার আবেদনের সময় একদিনও বাড়ানো হবে না। ১৫ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। কারণ আমাদের হাতে একদম সময় নেই। ঈদের আগে ৩০ জুলাই আমাদের একটা পরীক্ষা নিতে হবে।”

ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: গুচ্ছের পরীক্ষা ৩০ জুলাই  

সাধারণ গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই, মানবিকের ১৩ অগাস্ট এবং বাণিজ্য বিভাগের পরীক্ষা ২০ অগাস্ট হওয়ার কথা রয়েছে।

এবার পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সাধারণ গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ২০টি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে।

গত মাসে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হলেও বিশ্ববিদ্যালয় দুটি এবারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর মোট ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়।