২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের দূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 09:46 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সোমবার সন্ধ্যায় ব্রাজিলের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাৎকালে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

“রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খুবই উজ্জ্বল। দুই দেশের বিদ্যমান এ সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় দেশের সরকারি-বেসরকারি, বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি।”

বাংলাদেশে ‘সফলভাবে’ দায়িত্ব পালন করায় ব্রাজিলের বিদায়ী দূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।