২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে ফ্যান্টাসি কিংডম ঘুরে এল প্রতিবন্ধী শিশুরা

ফ্যান্টাসি কিংডমে গিয়ে রোমাঞ্চকর সব রাইডে চেপে একটি দিন উদযাপন করেছে স্মাইলিং চিলড্রেন ম্পেশাল স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2022, 08:31 PM

Updated : 02 Aug 2022, 01:39 PM

শনিবার দিনভর আশুলিয়ায় অবস্থিত এ থিম পার্কের বিভিন্ন রাইডে বিনামূল্যে চড়ার পাশাপাশি ফ্যান্টাসি কিংডমের আয়োজনে শিশুদের যাতায়াত ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কনকর্ড গ্রুপের উদ্যোগে শিশুদের সঙ্গে তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকরাও অংশ নিয়েছেন।

স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাহমুদা আক্তার বলেন, “সুযোগ পেলে ডানা মেলতে পারে এই শিশুরা, তেমনই একটি দিনের আয়োজনে সঙ্গী হতে পেরেছে কনকর্ড গ্রুপ।”

কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার বলেন, “শিশুদের মানসিক বিকাশে বিনোদন অপরিহার্য। কোমলমতি শিশুদের বিনোদন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ফ্যান্টাসি কিংডম। দিনভর নানা আয়োজনে এই শিশুরা সহ অভিভাবক ও শিক্ষকরা রোমাঞ্চকর সব রাইড উপভোগ করেছে।”

অনুপ কুমার জানান, দেশের প্রধান ঐতিহাসিক নির্দেশন নিয়ে ফ্যান্টাসি কিংডম মুল ফটকের পাশে হেরিটেজ কর্নার তৈরি করা হয়েছে। যেখানে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা জাতীয় স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, লালবাগ কেল্লাসহ ঐতিহাসিক সব নির্দেশনের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিয়েছেন।

“সেই সাথে ওয়াটার কিংডমের বাঁধ ভাঙা উল্লাসে শিশুদের হাসি মুখ আর আনন্দ ঘন মুহূর্তগুলো সত্যিই খুব ভাল লাগার মত ছিল।”

সেই আয়োজনে উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিডেটের হেড অব মিডিয়া অ্যান্ড পি.আর এম. মাহফুজুর রহমান, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. নুরুজ্জামান ও স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান নূর ইসলাম খান ।