২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার মানসিকতা থাকতে হবে পুলিশের: আইজিপি

সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2022, 09:02 PM

Updated : 02 Aug 2022, 01:26 PM

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহবান জানান তিনি।

ঈদের দিন মঙ্গলবার রাতে রাজধানীর মিন্টু রোডের পুলিশ ভবনে প্রথমে কনস্টেবল থেকে পরিদর্শক এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে ঊর্ধ্বতন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন বলে বুধবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইজিপি বলেন, "আমরা সবাই যদি পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো হত।

“কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সাথে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি।“

এজন্য এবারের কনস্টেবল ও এসআই নিয়োগে পুলিশের ট্যাগ লাইন হল 'চাকরি নয়, সেবা' বলে যোগ করেন তিনি।

বেনজীর বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ। সদস্যদেরকে সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকগণের জন্য কাজ করতে হবে।

এবার ঈদ উদযাপন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবারের ঈদে যাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।