২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদগাহে ফিরছে ঈদুল ফিতরের জামাত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই কমে আসায় এবছর ঈদুল ফিতরের প্রধান জামাত স্বাভাবিক সময়ের মতো জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2022, 06:52 PM

Updated : 02 Aug 2022, 03:21 PM

মঙ্গলবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারী কারণে পরপর দুই বছর জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হয়।

সভায় যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ উপলক্ষে প্রতি বছরের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলমান দেশের কূটনীতিকদের দাওয়াত দেওয়া হবে।

এছাড়া সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত হয়।

ঈদুল ফিতরের রাতে নির্দিষ্ট সরকারি ভবন এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে।

সারাদেশের বিভাগ,জেলা, উপজেলা, সিটি করপোরেশন,পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থার প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করবে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র আশ্রয় কেন্দ্র, (সেইফ হোমস) ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে।

সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লাসহ দর্শনীয় বিভিন্ন স্থানে প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।