২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা:  প্রতারণা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ভুয়া প্রশ্নপত্র’ দিয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:50 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, “আমরা কলাভবনের দুয়েকটা পরীক্ষার হল ঘুরে দেখেছি, সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশেও একইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

“পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা নিয়ে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা চেষ্টাকারী দুজনেকে গ্রেপ্তার করা হয়েছে।”

তবে গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় কিংবা কোথা থেকে কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তরিত তথ্য তারা দেননি।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ঢাকায় কেন্দ্র ছিল ১৮টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র ঘুরে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বললাম, তারা বলেছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে।”

সারাদেশে সতর্কতার সঙ্গে প্রশ্নপত্র পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা এই পরীক্ষাটা সব সময় খুব সতর্কতার সাথে নিয়ে থাকি। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র মনিটর করা হয়। এমনকি যে গাড়িগুলো প্রশ্ন নিয়ে যায়, সেগুলো আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে থাকি।

“আমাদের ডিজি অফিসে বসে দেখা যায়, কোন গাড়ি কোথায় যাচ্ছে, কোথায় থামছে। যে বাক্সে প্রশ্ন নিয়ে যাওয়া হয়, সেটা খুললেও বোঝা যায়, বাক্স এখন খোলা হচ্ছে। কাজেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি পারি আমরা এর ফল ঘোষণা করে দেব।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

দেশে সরকারিভাবে ৩৭টি এবং বেসরকারিভাবে ৭২টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসন রয়েছে ১০ হাজার ৮৩৯ টি। আর ভর্তির জন্য এবার আবেদন করেছিল মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এই হিসাবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের বিপরীতে এবার প্রার্থী ছিল ১৩ জন।

সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এই হিসাবে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে ৩৩ জন।

সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৮৭টি এবং উপজাতিদের জন্য ৩৩টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৪ হাজার ২৩০টি আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় এবং ২০ শতাংশ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে।

এমসিকিউয়ের ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর নিয়ে মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে। তবে সরকারি হাসপাতালে সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে।

আরও খবর

মেডিকেলের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী