২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয়োৎসবে’ রঙিন হাতিরঝিল

ড্রোন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো এবং আতশবাজিসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তির সপ্তাহব্যাপী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 01:18 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার হাতিরঝিলে এসব কর্মসূচির মাধ্যমে শেষ হয় ‘জয় বাংলার জয়োৎসব’ শীর্ষক এই আয়োজন।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, শুভ্র দেব, কোনালসহ বিভিন্ন শিল্পীর পরিবেশনায় জনপ্রিয় গান।

এর মধ্যে লেজার শো, প্রথমবারের মতো ড্রোন প্রদর্শনীর পর হয় আতশবাজি। লেজার শো এবং ড্রোন প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আয়োজনে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “আজকের সমাপনী অনুষ্ঠানে একটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে, মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।”

গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এর আগে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, গণহত্যা বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্তিযুদ্ধ কনসার্ট, জাতীয় পর্যায়ে কুইজ, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতি ও যাত্রাপালা অনুষ্ঠানের আয়োজন ছিল।

এদিকে এই অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর হাতিরঝিলে মধুবাগ ক্রসিং থেকে পুলিশ প্লাো পর্যন্ত সড়কের একপাশ বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজট দেখা দেয় অন্য পাশে।

এতে দিনশেষে ঘরমুখো অনেকে যানজটে পড়েন। পরিস্থিতি প্রকট আকার ধারণ করলে রাত ৮টার দিকে ফের রাস্তা খুলে দেওয়া হয়।