২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের উদ্যোগে সমর্থনের আশ্বাস মোমেনের

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক সব উদ্যোগে জোরালো সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:35 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

ঢাকা সফরে আসা দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট ভাইস মিনিস্টার চোই জং কুন বৃহস্পতবিার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

তাদের আলোচনার বিষয়বস্তু জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক শান্তি অর্জনে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরে মোমেন এই আশ্বাস দেন।

সেইসাথে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশে অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কের সুবিধা নিয়ে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, তথ্য প্রযুক্তি, হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স প্রভৃতি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস বৈঠকে দিয়েছেন দক্ষিণ কোরীয় ভাইস মিনিস্টার জং কুন।

বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়া এবং আরও বেশি শিক্ষার্থীর পড়াশোনা ও কাজের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

দুই দেশের মধ্যে ‘তৃতীয় ফরেন মিনিস্ট্রি কনসালটেশনে’ যোগ দিতে ঢাকা এসেছেন ভাইস মিনিস্টার জং কুন।

সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক শেষে একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।