চিকিৎসক বুলবুল হত্যায় চার আসামির রিমান্ড
রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার মামলায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- রায়হান ওরফে আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান ওরফে হাফিজুল ও সোলাইমান।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন বুলবুল। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাত তিনজনকে আসামিকে করে মিরপুর থানায় মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। ছিনতাই করা তাদের নেশা ও পেশা।
আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আহমেদ মাহী বুলবুল
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে বুধবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বুলবুল হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয় বলা হয় তাদের কাছ থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামের একটি ক্লিনিকের মালিক ছিলেন তিনি। তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন।
আরও পড়ুন
