২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারা বোঝা নয়, তাদের নিয়ে গর্ব করা যায়: প্রধানমন্ত্রী

সমাজে যারা ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের বোঝা হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 05:46 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

তিনি বলেছেন, “তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। তাদেরকে আমরা আমাদের একজন মনে করি।”

বৃহস্পতিবার কক্সবাজারে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজকে আপনারা শুনেছেন, আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তারাই কিন্তু সব থেকে বেশি স্বর্ণ বিজয় করেছে বাংলাদেশের জন্য। কারণ ২১৬টা স্বর্ণ! অনেক ট্রফি বাংলাদেশের জন্য তারা নিয়ে এসেছে।

“সুস্থ যারা, তারা কিন্তু এটা পারেনি। পেরেছে কারা, আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি।”

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তারা যে আমাদের সমাজেরই একজন, তারা দূরের কেউ না, সেটাই আমরা প্রমাণ করতে চাই।

“সেজন্য এখন থেকে যত প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রতিটি জায়গায় তাদের জন্য..তাদের চলাচলের সুবিধা, তাদের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা তার জন্য ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

অনুশীলন করার ভালো মাঠ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা আরও ভালো কাজ করতে পারবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।

“কারণ এরা তো আমাদেরই সন্তান। এদেরকে সবরকম সহযোগিতা করতে হবে। এই কথা সবাইকে মনে রাখতে হবে। কারণ বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের জন্য আমার সব সময়..যেহেতু আমরা দেখি যে তারাই আমাদের জন্য সম্মান বেশি নিয়ে আসে। তাই তাদের সব রকমের সহযোগিতা এটা আমরা করব।”

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পেরে সরকারপ্রধান বলেন, “সত্যিই আমার মনটা পড়ে আছে মাঠে। আমি গণভবনে বন্দি। এই বন্দিত্ব থেকে মুক্তি পেতেই হবে।

“আমার মনে হচ্ছে আমি যদি ওখানে চলে যেতে পারতাম, আমি সত্যিই খুব আনন্দিত হতাম। আজকে এটা হল না। এটা সত্যিই খুব দুঃখজনক।”

কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম প্রান্তে মূল অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তিনি প্রধানমন্ত্রীর পক্ষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন। এসময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।