২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার' পাচ্ছেন দুই ব্যক্তি, ১ প্রতিষ্ঠান

বন্যপ্রাণী রক্ষার ভূমিকার জন্য এ বছর 'বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার' পাচ্ছেন প্রয়াত বন্যপ্রাণী গবেষক ড. মোহাম্মদ আনিসুজ্জামান খান এবং চুয়াডাঙ্গার তরুণ বখতিয়ার হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 04:35 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

এছাড়া বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের টিম ফর অ্যানার্জি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল রিসার্চকেও (তীর) এ পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সচিবালয়ে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সভায় এ মনোনায়ন চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ আনিসুজ্জামান খানকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে ‘বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা’ ক্যাটাগরিতে। আর চুয়াডাঙ্গার পাখিপ্রেমি বখতিয়ার ‘বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন।

আর সরকারি আজিজুল হক কলেজের তীর 'বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার' পাচ্ছে ‘বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে।

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।

বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সভায় মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, “বন্যপ্রাণী অবলুপ্তির ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং প্রতিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এজন্য বর্তমান সরকার বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিক ভাবে কাজ করছে।"

এই কাজে অন্য সবাইকেও এগিয়ে আসারও আহবান জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ এর প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান দুই ভরি স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার চেক পাবে, সঙ্গে থাকবে সনদ।

আগামী জুন মাসে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।