২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সিয়াম হত্যা: আসামি সোহাগের সাজা কমল

বগুড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও হত্যায় দায়ে জজ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 08:55 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।

স্কুল ছাত্র শাহরিয়ার নাফিজ সিয়ামকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আল আমিন সোহাগ বগুড়ার গাবতলী উপজেলার সরকার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

বগুড়া শহরের অটোরিকশার চালক বেল্লাল রহমানের ছেলে সিয়াম স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আর আল আমিন সোহাগ তার পরিবারের সঙ্গে ওই এলাকায় একটি বাসায় ভাড়া থাকত।

সোহাগ ২০১৪ সালের ১৭ মে শিশু সিয়ামকে অপহরণ করে এবং তার বাবা বেল্লাল রহমানের কাছে মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরমধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেও সিয়ামকে ফেরত পায়নি তার পরিবার।

ঘটনার একদিন পর সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি পুকুর থেকে সিয়ামের বস্তাবন্দি শিশু লাশ উদ্ধার করা হয়।

এরপর ১৯ মে বগুড়া সদর থানায় এ মামলা করেন সিয়ামের বাবা। বিচার শেষে ২০১৬ সালের ৩১ অগাস্ট আল আমিন সোহাগকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি দণ্ডের বিরুদ্ধে আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বুধবার হাই কোর্ট থেকে এ রায় এল।

দণ্ড পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি। এছাড়া আসামির তখন বয়স ছিল কম, ২২ বছর। এসব বিষয় বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছে আদালত।”