ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড বহাল
ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে বাগেরহাটের বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
বুধবার সাজা অনুমোদনের আবেদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এ রায় দেয়।
পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধে ২০০৮ সালের ১৭ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেউয়াতলা গ্রামের অখিল বৈরাগীকে তার মাছের ঘেরে কাজ করার সময় কুপিয়ে হত্যা করেন বড় ভাই ভবসিদ্ধু বৈরাগী।
রায়ে ভবসিদ্ধু বৈরাগীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি।
আদালতে শুনানিতে আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বুলবুল রাবেয়া বানু। মামলার আসামি অমূল্য বৈরাগীর ছেলে ভবসিদ্ধু বৈরাগী পলাতক রয়েছেন।
অখিলকে হত্যার পরদিন তার চাচাত ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু ও তার স্ত্রী আঁখি বৈরাগীর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ১৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার শেষে ২০১৬ সালের ৩০ অগাস্ট বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবসিন্ধুকে মৃত্যুদণ্ড এবং তার স্ত্রী আখিঁ বৈরাগীকে খালাস দেয়।
পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স আসে হাই কোর্টে। এ বিষয়ে শুনানি শেষে বিচারিক আতালতের রায় বহাল রেখে আদেশ দিল হাই কোর্ট।
