জয়পুরহাটের মতিন হত্যা: হাই কোর্টে ছয় আসামির সাজা কমে যাবজ্জীবন
জয়পুরহাটে আব্দুল মতিন হত্যা মামলায় জজ আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া সাতজনের মধ্যে একজনের দণ্ড বহাল রেখে বাকিদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।
এছাড়া এক আসামিকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত।
মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল শুনানি শেষে বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মছিরউদ্দিন দণ্ড বহাল রয়েছে। এছাড়া ওয়াজেদ আলী তোরাফ, চৈতুন মোল্লা, ছাফাদুল, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়ার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত মাহবুব আলম বাবুর সাজা হাই কোর্টেও বহাল রয়েছে।
এই আট আসামির সবাই জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের বাসিন্দা।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আহসান উল্লাহ, নাজমুল হাসান রাকিব, সৈয়দা ফারাহ হেলাল ও মো. বেলাল হোসেন এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ হুমায়ুন কবির।
রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২০০৬ সালের ২৭ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে ধারকী গ্রামের আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার রাতেই নিহতের ভাই নয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
পরে ২০০৭ সালের ৩০ মার্চ তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রব্বানী নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় বিচার শেষে ২০১৬ সালের ১৭ অগাস্ট সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেন।
চলতি সপ্তাহে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বুধবার রায় দিল হাই কোর্ট।
