ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকার খিলগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে অ্যাডভান্স হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি ফারুক উল আলম জানান।
নিহত মো. সাইফুল ইসলামের (৩৬) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। পরিবার নিয়ে ঢাকার ডেমরার আমতলা স্টাফ কোয়ার্টারে থাকতেন।
সাইফুল ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন জানিয়ে তার বাবা আইয়ুব আলী সরদার বলেন, রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে অ্যাডভান্স হাসপাতালের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি ফারুক বলেন, সাইফুল ইউএস বাংলায় কোন পদে চাকরি করতেন তা জানা যায়নি। পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
