উষ্ণ নগরে বৃষ্টি নামল
শীত কাটতেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল নগরবাসী; প্রত্যাশা ছিল, আভাসও ছিল, সেই বৃষ্টি নামল।
চৈত্রের শুরুতে টানা দুই সপ্তাহের গরমের পর রোববার সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি শীতল পরশ বোলায় ঢাকায়। এ সময় ঝড়ো হাওয়াও বয়ে গেছে বিভিন্ন স্থানে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলছেন, ঝড়-বৃষ্টির মওসুম শুরু হচ্ছে। আগামী মাসেও ঝড়-বৃষ্টির এমন আহাওয়া বিরাজ করবে।
বাংলাদেশে এবার শীত বিদায়ের পরপরই শুরু হয় বিস্তীর্ণ এলাকাজুড়ে তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় গরমের মৌসুমের শুরুতেই।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
তাপপ্রবাহের মধ্যে বঙ্গোসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়; যদিও তার সরাসরি প্রভাব বাংলাদেশে আসেনি। এটি কেটে যাওয়ার পর বৃষ্টি নামবে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছিল।
রোববার সন্ধ্যার পর ঝড়ো হাওয়াকে সঙ্গী করে সেই বৃষ্টিই নামল।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ এখনও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
এই এলাকাগুলো হচ্ছে রাজশাহী, পাবনা ও চূয়াডাঙ্গা।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র/শিলা বৃষ্টিসহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
