২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশলগত অংশীদারিত্বকে ‘নতুন উচ্চতায়’ নিতে চান শি

বাংলাদেশের সাথে ‘কৌশলগত’ অংশীদারিত্বকে আরও বিস্তৃত পরিসরে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 10:11 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

রোববার ঢাকায় চীন দূতাবাসের ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে চীনের নেতা এই প্রত্যাশার কথা বলেন।

শি তার চিঠিতে লিখেছেন, “চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং চীন-বাংলাদেশের সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার সাথে কাজ করতে চাই।”

চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবেলায় এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যার ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

“এবং বাংলাদেশ ‘সোনার বাংলার’ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জন চীনের জন্য খুবই আনন্দের বিষয়।”

দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রেসিডেন্ট শি বলেন, “চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, চিরায়ত বন্ধু এবং কৌশলগত অংশীদার। সাম্প্রতিক সময়ে, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আমাদের সহযোগিতায় প্রভূত অগ্রগতি হয়েছে, যা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রণোদনা দিচ্ছে এবং দুদেশের জনগণ উপকৃত হচ্ছে।”

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আলাদা চিঠি পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কুছিয়াং।

চিঠিতে তিনি লিখেছেন, সহযোগিতার সকল ক্ষেত্রে লাভবান হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের গতি ধরে রেখেছে।

“আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর আমি বেশ গুরুত্ব দিই। দুই দেশ ও জনগণের উপকার যাতে হয়, সেজন্য দুদেশের উন্নয়ন কৌশলের সমন্বয়কে ত্বরান্বিত করা এবং উচ্চতর পর্যায়ের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি আমি পুনর্ব্যক্ত করছি।”

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আরেকটি চিঠি পাঠিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।