২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরের নবাবী ভোজ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে দগ্ধ ৫ কর্মী

রাজধানীর মোহাম্মদপুরে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন লেগে পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:49 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

রোববার বিকেল পৌনে ৫টার দিকে শিয়া মসজিদের কাছে নবাবী ভোজ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. হৃদয় (২১), মো. সাইফুল (২২), মো. আমিনুল (১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)। ঘটনার পরপরেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

রেস্তোরাঁর ব্যবস্থাপক খলিলুর রহমানের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “রেস্তোরাঁর রান্নাঘরে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে আগুন লেগে যায়। দগ্ধ সবাই হোটেল কর্মচারী।”

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে হৃদয়ের শরীরের ২ শতাংশ, সাইফুলের ১ শতাংশ, রাব্বির ৩৫ শতাংশ, আমিনুলের ১৮ শতাংশ এবং মিঠুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

প্রাথমিক চিকিৎসা শেষে হৃদয় ও সাইফুলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।