২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে ফেলে হত্যা: ২৩ বছর পর রায়ে চালক-সহকারীর যাবজ্জীবন

ঢাকার শ্যামলীতে ২৩ বছর আগে এক ব্যক্তিকে বাস থেকে ফেলে হত্যার দায়ে ওই গাড়ির চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 08:02 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও দুই মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন- বাসচালক আক্তার হোসেন এবং তার সহকারী শওকত ওরফে সইক্যা।

তারা দুজনই পলাতক। রায়ের পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা মামলায় শুরু থেকেই পলাতক।

দণ্ডিত শওকত মুন্সিগঞ্জ জেলার বাযাইকান্দি গ্রামের মফিজ মিয়ার ছেলে। আক্তার ফরিদপুরের মধুখালী থানার মসলন্দপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

যে ব্যক্তি নিহত হয়েছে, তার পরিচয় জানা যায়নি। পুলিশের করা এই মামলায় নিহত ব্যক্তিকে অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছিল। তদন্তের পর বিচারেও তা নাম আসেনি।

মামলার নথিপত্রে দেখা যায়, ১৯৯৯ সালে ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু মেলার পাশে আগারগাঁও রোডে রায়হান নামে এক রিকশাচালকের রিকশায় ধাক্কা দেয় আক্তারের চালানো বাসটি। এতে রিকশা ক্ষতিগ্রস্ত হলে আক্তার ও শওকত ৫০ টাকা ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু সেখানে উপস্থিত অজ্ঞাতনামা ওই ব্যক্তি তার প্রতিবাদ করে ৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। তখন চালক আক্তারের নির্দেশে শওকত ওই ব্যক্তিকে শার্টের কলার ধরে জোর করে বাসে টেনে তোলেন। এরপর বাসটি চলতে শুরু করে। কিছুদূর এগোনোর পর চালকের নির্দেশে শওকত ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেন। 

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রিকশাচালক রায়হান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জেনে সেদিনই মোহাম্মদপুর থানার এসআই আলী আজম সিদ্দিকী মামলা করেন। পরের বছরের ১৬ অক্টোবর দুই জনকে আসামি করে অভিযোগপত্র দেন মোহাম্মদপুর থানার এসআই মো. মহসিন।

২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৬ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য নিয়ে রায় দিল আদালত।