২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না: প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘জয় বাংলার জয়োৎসব’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 01:19 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

শনিবার সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর থিম সং এর পরিবেশনার পাশাপাশি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এগিয়ে যাবে।”

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “আজকে যে প্রজন্ম তাদের কাছে আমার এটাই থাকবে আহ্বান, আমরা কিন্তু পরিকল্পনা দিয়ে গেছি। যেমন ২০২১ পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়েছিলাম, সেটা বাস্তবায়ন করেছি।

“আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছি, অবকাঠামোগত উন্নয়ন করেছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, দেশে অর্থনৈতিক অঞ্চল করছি।

“বাংলাদেশকে কেউ যেন অবহেলা করতে না পারে, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, শিক্ষায়-দীক্ষায় জ্ঞানে, প্রযুক্তি জ্ঞানে, বিজ্ঞানে সব দিক থেকে যেন আমরা এগিয়ে থাকতে পারি।”

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ডিজিটাল বাংলাদেশ বিশ্বের বুকে এক বিস্ময়ের সৃষ্টি করেছে।

“ডিজিটাল বাংলাদেশ এখন আর রূপকথা নয়, বাস্তব। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধুর হত্যা, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্ভব হয়েছে।

তিনি বলেন, “এই স্বাধীনতার ৫১ বছরের মধ্যে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকাল ও শেখ হাসিনার ১৮ বছরসহ সাড়ে ২১ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। বাকি ২৯ বছর ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুকে হত্যাকারী খুনিচক্র।

“যারা দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। সেই ব্যর্থ অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। বক্তব্য দেন ‘জয় বাংলার জয়োৎসব’ উদযাপন পরিষদের সদস্য সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চারদিনের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন রোববার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত  কুইজ, রচনা, সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তৃতীয়দিন সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে আলোচনা অনুষ্ঠান। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা।

সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে রাত ৮টায় শুরু হবে ড্রোন শো। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইট অ্যান্ড লেজার শো এবং ফায়ার ওয়ার্কস।