ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে ‘বিরোধে’ একজন খুন
ঘুমানোর জায়গা নিয়ে ‘ঝগড়ার’ জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাতে ‘ভাসমান’ জীবন কাটানো এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে রাস্তায় মাসুদ (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
পরে এ ঘটনায় ওই ফুটপাতে ‘ভাসমান’ হিসেবে বসবাস করা রাসেল (৩৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ও গ্রেপ্তার দুইজনই মাদকসেবী ছিলেন। তারা ভাসমান জীবনযাপন করতেন।
“ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার সকালে গ্রেপ্তার রাসেল নারকেল গাছের ডাল দিয়ে পিটিয়ে মাসুদকে হত্যা করে।”
তিনি জানান, নিহত মাসুদের পরিচয় এবং স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় রাসেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।
ময়নাতদন্তের জন্য মাসুদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
